
হুগলি, ২১ এপ্রিল (হি.স.): হুগলির খানাকুলে মন্দির প্রাঙ্গণে রাজনৈতিক ব্যানার লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খানাকুলের জগৎপুর দক্ষিণ এলাকায় একটি হিন্দু মন্দিরের চত্বরে বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষের ব্যানার লাগানো হয় বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ধর্মীয় স্থানে রাজনৈতিক প্রচার সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে সরব হন তৃণমূল কংগ্রেস প্রার্থী পলাশ রায়। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার একটি ভিডিও বার্তা প্রকাশ করে তিনি জানান, ধর্মীয় স্থানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা নিন্দনীয় এবং এতে সামাজিক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে সব দলকে প্রচার চালানো উচিত এবং মন্দির, মসজিদ বা অন্য ধর্মীয় স্থানকে রাজনীতির বাইরে রাখা প্রয়োজন।
অন্যদিকে, বিজেপির তরফে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। দলের দাবি, বিষয়টি অযথা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে এবং এ ধরনের কোনও নির্দেশ দলের পক্ষ থেকে দেওয়া হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA