
নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার ‘মহরাম’ ছাড়াই ৪৩ জন মহিলা পবিত্র হজ যাত্রার উদ্দেশ্যে রওনা দিলেন। সৌদি আরবীয় এয়ারলাইন্স-এর সপ্তম হজ বিমান এসভি-৫৯০৯-এ দুপুর ৩টা ১০ মিনিটে তাঁদের যাত্রা শুরু হয়।
এই উপলক্ষে বিমানবন্দরের টার্মিনাল-৩-এ উপস্থিত ছিলেন দিল্লি স্টেট হজ কমিটির চেয়ারপার্সন কৌসর জাহান-সহ কমিটির অন্যান্য আধিকারিকরা। যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাঁদের বিদায় জানানো হয়।
কৌসর জাহান বলেন, কেন্দ্র সরকারের উদ্যোগে ‘মহরাম’ ছাড়াই মহিলাদের হজ যাত্রা এখন সম্ভব হয়েছে, যা শুধু ধর্মীয় দিক থেকেই নয়, নারী ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। তিনি আরও জানান, এই পদক্ষেপের ফলে সমাজের সব স্তরের মহিলাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, এদিন রওনা হওয়া ৪৩ জন মহিলার মধ্যে ১২ জন দিল্লির, ২১ জন উত্তর প্রদেশের, ৩ জন বিহারের, ৪ জন জম্মু ও কাশ্মীরের, ২ জন মধ্যপ্রদেশের এবং ২ জন উত্তরাখণ্ডের বাসিন্দা।
১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজ ফ্লাইট পরিষেবার এটি সপ্তম উড়ান। এখনও পর্যন্ত মোট ২৭২১ জন যাত্রী মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যার মধ্যে ১৪২৩ জন পুরুষ এবং ১২৯৮ জন মহিলা। আগামী ২০ মে পর্যন্ত মোট ৫৪টি উড়ানের মাধ্যমে উত্তর ভারতের বিভিন্ন রাজ্য থেকে ২১ হাজারেরও বেশি হজযাত্রী জেদ্দা হয়ে মক্কায় পৌঁছবেন।
চলতি বছরে দিল্লি থেকে প্রথম পর্যায়ে ৩১টি উড়ানে ১২,২৪০ জন এবং দ্বিতীয় পর্যায়ে ২৩টি উড়ানে ৮,৮৬০ জন হজযাত্রী রওনা দেবেন। দিল্লি রাজ্য থেকে মোট হজযাত্রীর সংখ্যা ৩১৯৬।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য