(আপডেট) ত্রিশূরের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৩; শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা
ত্রিশূর/নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): কেরলমের ত্রিশূর জেলার মুন্দাথিকোড় এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প
(আপডেট) ত্রিশূরের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৩; শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা


ত্রিশূর/নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): কেরলমের ত্রিশূর জেলার মুন্দাথিকোড় এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে মৃতদের নিকটাত্মীয়দের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

মঙ্গলবার বিকেল প্রায় ৩টা ৩০ মিনিট নাগাদ ‘ত্রিশূর পূরম’ উৎসবের প্রস্তুতির সময় লাইসেন্সপ্রাপ্ত ওই বাজি কারখানায় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং একাধিক শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের সময় কারখানায় প্রায় ৪০ জন শ্রমিক উপস্থিত ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বহু শ্রমিক আগুনে পুড়ে গুরুতর আহত হন। আহতদের তড়িঘড়ি ত্রিশূর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল-সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তার শব্দ কয়েক কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। মুহূর্তের মধ্যে কারখানার শেড ধ্বংসস্তূপে পরিণত হয় এবং চারদিকে আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বিপুল পরিমাণ অবিস্ফোরিত বাজি থাকায় উদ্ধারকার্যে বাধা সৃষ্টি হচ্ছে এবং নতুন করে বিস্ফোরণের আশঙ্কাও রয়ে গিয়েছে।

প্রাথমিক তদন্তে অনুমান, একটি অস্থায়ী শেডে যেখানে বাজি তৈরি ও মজুত করা হচ্ছিল, সেখানেই বিস্ফোরণটি ঘটে। যদিও সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে নিরাপত্তা বিধি লঙ্ঘনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। জেলা প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট ইউনিটের নিরাপত্তা ব্যবস্থার পূর্ণাঙ্গ পর্যালোচনা চলছে।

এদিকে, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ভীণা জর্জ হাসপাতালগুলিকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ত্রিশূরের সমস্ত হাসপাতালকে হাই অ্যালার্টে রাখা হয়েছে এবং জরুরি পরিষেবা জোরদার করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় গোটা রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে কেরলের অন্যতম বৃহৎ উৎসব ‘ত্রিশূর পূরম’-এর আয়োজনেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande