
**নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি. স.):** ভারতীয় ফুটবলের শীর্ষ লিগ আইএসএলকে আরও শক্তিশালী ও আন্তর্জাতিক মানের করে তোলার লক্ষ্যে বড় পদক্ষেপ। বৃহস্পতিবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ), জিনিয়াস স্পোর্টস এবং ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এর ক্লাব মালিক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে লিগের বাণিজ্যিক অধিকারের প্রস্তাব খতিয়ে দেখা হয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে আইএসএলকে কীভাবে আরও প্রতিযোগিতামূলক ও টেকসই করা যায়, সেই দিকেই জোর দেওয়া হয় এদিনের বৈঠকে।
আলোচনার কেন্দ্রে ছিল—কীভাবে আইএসএলকে আন্তর্জাতিক মানের ফুটবল প্রতিযোগিতার কাতারে তুলে আনা যায়, পাশাপাশি সমর্থকদের আরও বেশি করে যুক্ত করা যায় এবং আর্থিক দিক থেকে লিগটিকে আরও মজবুত করা যায়।
জিনিয়াস স্পোর্টস এক অংশীদারিত্ব ভিত্তিক মডেলের প্রস্তাব দেয়, যেখানে প্রযুক্তি, তথ্য বিশ্লেষণ এবং বাণিজ্যিক দক্ষতাকে কাজে লাগিয়ে লিগের উন্নয়ন ঘটানো হবে। বিশ্বের শীর্ষ লিগগুলির ধাঁচে—যেমন ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, মেক্সিকোর লিগা এমএক্স, বেলজিয়ান প্রো লিগ, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং সুইস ফুটবল লিগ—আইএসএলকেও ধাপে ধাপে সেই মানে পৌঁছে দেওয়ার কথা বলা হয়।
সংস্থাটি জানায়, আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে তাদের বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে—রেফারিং ব্যবস্থায় সহায়তা, দলগত পারফরম্যান্স বিশ্লেষণ এবং দর্শক সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে কাজ করেছে তারা। সেই অভিজ্ঞতাই ভারতীয় ফুটবলের উন্নয়নে কাজে লাগানো যেতে পারে।
বৈঠকের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল প্রযুক্তির ব্যবহার। লিগের বাণিজ্যিক কৌশল, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ম্যাচ পরিচালনায় উন্নতির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর রেফারিং প্রযুক্তি ধাপে ধাপে চালুর প্রস্তাব দেওয়া হয়েছে; যাতে সিদ্ধান্ত গ্রহণ আরও স্বচ্ছ এবং নির্ভুল হয়।
এ ছাড়াও, ভবিষ্যৎ আয় বৃদ্ধির জন্য একটি রাজস্ব ভাগাভাগির মডেল নিয়ে আলোচনা হয়, যাতে ক্লাবগুলির আর্থিক ভিত্তি মজবুত হয় এবং গোটা ফুটবল ব্যবস্থার উন্নয়নে সেই অর্থ পুনর্বিনিয়োগ করা যায়।
সমর্থকদের আরও আকৃষ্ট করতে নতুন ধরনের ইন্টার-অ্যাকটিভ ও অভিজ্ঞতামূলক উদ্যোগ নেওয়ার কথাও উঠে আসে। একই সঙ্গে স্পনসর ও অংশীদারদের কাছে লিগের আকর্ষণ বাড়ানোর দিকেও জোর দেওয়া হয়েছে।
সব পক্ষ ঐক্যমত পোষণ করে যে—আইএসএলকে এগিয়ে নিয়ে যেতে হলে দীর্ঘমেয়াদি ও যৌথ উদ্যোগ অত্যন্ত জরুরি। সম্প্রচার মানোন্নয়ন, ক্লাব কাঠামো শক্তিশালী করা এবং আন্তর্জাতিক স্তরে লিগের প্রসার—এই তিন ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে আগামী দিনে।
জিনিয়াস স্পোর্টস বিশ্বজুড়ে ক্রীড়া ও মিডিয়া ব্যবস্থার জন্য তথ্য, প্রযুক্তি ও সম্প্রচার পরিষেবা প্রদানকারী সংস্থা। ১৫০-রও বেশি দেশে তাদের প্রযুক্তি ব্যবহৃত হয়। ৭০০-রও বেশি ক্রীড়া সংস্থা—বিভিন্ন লিগ, দল, ব্র্যান্ড ও সম্প্রচার মাধ্যম—তাদের অংশীদার।
কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটার ভিশন এবং বিগ ডেটার সাহায্যে ভবিষ্যতের ক্রীড়া অভিজ্ঞতা গড়ে তুলতেই কাজ করছে এই সংস্থা। অগমেন্টেড সম্প্রচার, উন্নত হাইলাইটস, স্বয়ংক্রিয় রেফারিং প্রযুক্তি, ইমার্সিভ বেটিং এবং ব্যক্তিগতকৃত বিপণন—সব ক্ষেত্রেই তারা নতুন দিগন্ত খুলতে চাইছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত