


।। রাজীব দে ।।
ঢাকা, ২৩ এপ্রিল (হি.স.) : ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিকরণের প্রধান কার্যালয়ে নবস্থাপিত 'প্রত্নতাত্ত্বিক জাদুঘর'-এর শুভ উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক দফতরের মন্ত্রী নিতাই রায়চৌধুরী। উদ্বোধন শেষে তিনি অধিকরণের সম্মেলন কক্ষে বিভাগীয় আধিকারিক ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেন, আমাদের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক জাদুঘর এক অনন্য ভূমিকা পালন করবে। বাংলাদেশের প্রাগৈতিহাসিক সময়কাল থেকে শুরু করে সুলতানি ও মোঘল আমলের অমূল্য নিদর্শনসমূহ এই জাদুঘরে সুনিপুণভাবে প্রদর্শিত হচ্ছে, যা আমাদের সাংস্কৃতিক গৌরবের বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রালয়ের সচিব মিজ কানিজ মওলা। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন প্রত্নতত্ত্ব অধিকরণের মহাধিকর্তা (অতিরিক্ত সচিব) মিজ সাবিনা আলম।
জাদুঘরটি পরিদর্শনের সময় মন্ত্রী মহাস্থানগড়, পাহাড়পুর, উয়ারী-বটেশ্বর সহ দেশের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ প্রত্নবস্তুসমূহ অবলোকন করেন। প্রদর্শনীতে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে দ্বাদশ শতাব্দি পর্যন্ত সময়ের মৃৎপাত্র, ধাতব পাত্র, সিল বা সিলিং এবং পোড়ামাটির বল স্থান পেয়েছে। এছাড়াও দশম-একাদশ শতাব্দির অমূল্য 'বিষ্ণু' মূর্তি এবং অষ্টম-নবম শতাব্দির 'তারা' মূর্তি সহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
মতবিনিময় সভায় মন্ত্রী অধিকরণের কাজের গতিশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষায় ও গবেষণায় আরও নিবেদিত হয়ে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। অনুষ্ঠানে মন্ত্রালয়ের ঊর্ধ্বতন আধিকারিকবৃন্দ এবং প্রত্নতত্ত্ব অধিকরণের বিভিন্ন স্তরের আধিকারিক এবং কর্মচারী উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস