
তেহরান/মস্কো, ২৮ এপ্রিল (হি.স.): পশ্চিম এশিয়ায় উত্তেজনার আবহে কূটনৈতিক তৎপরতা জোরদার করল ইরান। রাশিয়া সফর শেষে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তৃতীয়বার পাকিস্তানে পৌঁছলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে বৈঠকের পরই তাঁর এই সফর ঘিরে আন্তর্জাতিক মহলে জল্পনা তুঙ্গে। ইরান-আমেরিকা সংঘাত, বিশেষত হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা প্রশমনে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা নিচ্ছে বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, পাকিস্তান ইতিমধ্যেই দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনায় সক্রিয় ভূমিকা নিচ্ছে। রবিবার রাতে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর আরাঘচি সরাসরি রাশিয়া যান এবং সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার বৈঠক করেন।
বৈঠকে যুদ্ধ পরিস্থিতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আরাঘচি ইরান-রাশিয়া সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্ব’ বলে উল্লেখ করে সংকটকালে মস্কোর সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। অন্যদিকে পুতিন জানান, পশ্চিম এশিয়ায় দ্রুত শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া সর্বশক্তি প্রয়োগে প্রস্তুত।
রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভও জানিয়েছেন, এই সংকট নিরসনে মস্কো মধ্যস্থতায় আগ্রহী। তাঁর মতে, ইরান-আমেরিকা সংঘাত দীর্ঘস্থায়ী হলে তা গোটা অঞ্চলের স্বার্থের পরিপন্থী হবে।
এই প্রেক্ষাপটে আরাঘচির ঘনঘন পাকিস্তান সফরকে কূটনৈতিক সমাধানের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আগামী দিনে এই উদ্যোগ কতটা ফলপ্রসূ হয়, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য