
বিকানের, ২৩ এপ্রিল (হি.স.): বিশ্ববাজারে বিকানেরি ভুজিয়াকে নতুন পরিচিতি দেওয়ার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালনকারী বিকাজি গ্রুপের প্রতিষ্ঠাতা শিবরতন আগরওয়াল, যিনি ‘ফন্না বাবু’ নামে পরিচিত ছিলেন, বৃহস্পতিবার চেন্নাইয়ে প্রয়াত হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর স্ত্রী-র হৃদযন্ত্রের অস্ত্রোপচারের জন্য তিনি চেন্নাইয়ে অবস্থান করছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটসহ বহু রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করেছেন।
দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে তাঁর ঘনিষ্ঠ সহযোগী জৈন মহাসভার সভাপতি কনহাইয়ালাল বোথরা জানিয়েছেন, ফন্না বাবুর মৃত্যুতে কেবল বিকানের নয়, সমগ্র রাজস্থানের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর উদ্যোগে বিকাজি ব্র্যান্ড আন্তর্জাতিক পরিচিতি লাভ করে এবং বিকানেরের ঐতিহ্যবাহী খাদ্যপণ্য বিশ্ববাজারে পৌঁছে যায়।
পরিবার সূত্রে আরও জানা গেছে, প্রয়াত শিল্পপতির মরদেহ চার্টার্ড বিমানে বিকানেরে আনা হচ্ছে এবং শুক্রবার শেষকৃত্য সম্পন্ন হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য