
নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.): পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব মোকাবিলায় বস্ত্র ও হস্তশিল্প খাতকে বড় স্বস্তি দিল কেন্দ্র সরকার। মঙ্গলবার দিল্লির আন্তঃমন্ত্রক সাংবাদিক বৈঠকে এই সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানানো হয়।
সরকার জানিয়েছে, বস্ত্র ও হস্তশিল্প শিল্পকে অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে। শিল্পের জন্য প্রাকৃতিক গ্যাস সরবরাহ গত ছয় মাসের গড় চাহিদার ৮০ শতাংশ বজায় রাখা হয়েছে। প্রয়োজনে ‘স্পট মার্কেট’ থেকে গ্যাস কিনে সরবরাহ ঘাটতি পূরণ করা হবে।
বিশ্ববাজারে প্রতিযোগিতা বজায় রাখতে কাঁচামালের খরচ কমানোর দিকেও জোর দিয়েছে সরকার। এমএমএফ সেক্টরের ২৯টি গুরুত্বপূর্ণ উপকরণের উপর শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তুলো, নাইলন চিপস, রেয়ন গ্রেড কাঠের পাল্প ও রাসায়নিকের ওপর শুল্ক কমানোর বিষয়েও আলোচনা চলছে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কর্মসংস্থান রক্ষায় কিছু সুতোয় অ্যান্টি-ডাম্পিং শুল্ক সাময়িকভাবে তুলে নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। এছাড়া রফতানি বাড়াতে বিভিন্ন প্রণোদনা প্রকল্পের সুবিধা বাড়ানোর বিষয়টি ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড-এর কাছে পাঠানো হয়েছে।
লোহিত সাগর পরিস্থিতির প্রেক্ষিতে বিকল্প বন্দর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং রপ্তানিকারক ও কারিগরদের স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য