
নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি. স.): ব্যাঙ্ক জালিয়াতি ও আর্থিক তছরূপের অভিযোগে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার ইডি সূত্রে জানা গেছে, ধনশোধন প্রতিরোধ আইনে তদন্তের আওতায় অনিল আম্বানি গোষ্ঠীর সঙ্গে যুক্ত নতুন করে ৩,০৩৪.৯০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থা।
ইডি সূত্রে খবর, রিলায়্যান্স কমিউনিকেশনস সংক্রান্ত ঋণ জালিয়াতি মামলায় এই পদক্ষেপ করা হয়েছে। অভিযোগ, ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের টাকা নির্ধারিত কাজে ব্যবহার না করে অন্যত্র সরানো হয়েছিল। সেই অর্থের লেনদেন ও ব্যবহার খতিয়ে দেখতেই ধনশোধন আইনে তদন্ত শুরু হয়।
বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বইয়ের একটি ফ্ল্যাট, মহারাষ্ট্রের খণ্ডালায় একটি ফার্মহাউস, গুজরাটের সানন্দে জমি এবং রিলায়্যান্স ইনফ্রাস্ট্রাকচারের ৭.৭১ কোটি শেয়ার।
এদিন ইডি জানিয়েছে, এই মামলায় এখনও পর্যন্ত মোট বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ ১৯ হাজার ৩৪৪ কোটিরও বেশি।
উল্লেখ্য, অনিল আম্বানি গোষ্ঠীর একাধিক সংস্থা গত কয়েক বছরে আর্থিক সঙ্কটে পড়েছে। রিলায়্যান্স কমিউনিকেশনস দেউলিয়া প্রক্রিয়ায় যাওয়ার পর থেকেই ঋণ অনিয়ম ও আর্থিক তছরূপের অভিযোগ সামনে আসে। সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় সংস্থার তদন্ত শুরু হয়, যা এখনও চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য