রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত সোনম রঘুবংশীর জামিন মঞ্জুর
শিলং, ২৮ এপ্রিল (হি.স.): মেঘালয়ের শিলং আদালতে বহুল চর্চিত রাজা রঘুবংশী হত্যা কাণ্ডে বড় সিদ্ধান্ত। মূল অভিযুক্ত সোনম রঘুবংশীর জামিন মঞ্জুর করেছে আদালত। স্বামী হত্যার অভিযোগে তিনি বিগত কয়েক মাস ধরে জেলে বন্দি ছিলেন। চতুর্থবারের জামিন আবেদনে এই স্
রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত সোনম রঘুবংশীর জামিন মঞ্জুর


শিলং, ২৮ এপ্রিল (হি.স.): মেঘালয়ের শিলং আদালতে বহুল চর্চিত রাজা রঘুবংশী হত্যা কাণ্ডে বড় সিদ্ধান্ত। মূল অভিযুক্ত সোনম রঘুবংশীর জামিন মঞ্জুর করেছে আদালত। স্বামী হত্যার অভিযোগে তিনি বিগত কয়েক মাস ধরে জেলে বন্দি ছিলেন।

চতুর্থবারের জামিন আবেদনে এই স্বস্তি পেলেন সোনম। এর আগে তাঁর তিনটি আবেদন খারিজ হয়েছিল। শিলং সেশনস কোর্ট গত সপ্তাহে শুনানি শেষে সোমবার এই নির্দেশ দেয়, যদিও মঙ্গলবার তা প্রকাশ্যে আসে।

আদালত জানিয়েছে, গ্রেফতারের সময় ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ২২-এর বিধান যথাযথভাবে মানা হয়নি। সরকারি আইনজীবী কেসি গৌতমও এই ত্রুটির কথা স্বীকার করেছেন।

উল্লেখ্য, মধ্যপ্রদেশের বাসিন্দা পরিবহণ ব্যবসায়ী রাজা রঘুবংশীর হত্যা দেশজুড়ে চাঞ্চল্য ফেলে দেয়। এই মামলায় আরও তিন অভিযুক্ত আগেই জামিন পেয়েছেন, যদিও এক অভিযুক্ত এখনও বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে।

মৃতের পরিবারের পক্ষ থেকে এই রায়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, জামিন পেলেও তদন্ত প্রক্রিয়া চলবে।

গত বছর মে মাসে রাজা ও সোনমের বিয়ে হয়। পরে হানিমুনে শিলংয়ে এসে নিখোঁজ হন তাঁরা। কয়েকদিন পর পূর্ব খাসি হিলস জেলার সোহরা এলাকায় একটি জলপ্রপাতের ধারে রাজার দেহ উদ্ধার হয়। এরপরই সোনমসহ একাধিক জনকে গ্রেফতার করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande