
হাওড়া, ২৩ এপ্রিল (হি. স.) : ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের দিনই আধ্যাত্মিক ও রাজনৈতিক কর্মসূচির মেলবন্ধনে তিলোত্তমায় ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিকেলে হাওড়ার বেলুড় মঠে গিয়ে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানান তিনি। মঠ দর্শনের পর হাওড়া শহর সংলগ্ন এলাকায় এক বর্ণাঢ্য রোড শো-তে অংশ নেন প্রধানমন্ত্রী।
এদিন বিকেলে বেলুড় মঠে পৌঁছালে মঠের সন্ন্যাসীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। মোদী প্রথমে শ্রীরামকৃষ্ণদেবের মূল মন্দিরে গিয়ে প্রার্থনা করেন। এরপর তিনি স্বামী বিবেকানন্দের কক্ষ ও মন্দির দর্শন করেন এবং সেখানে কিছুক্ষণ সময় কাটান। বেলুড় মঠের সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি জানান, এখান থেকেই তিনি বরাবর সেবাকর্ম ও দেশ গড়ার প্রেরণা পান।
মঠ দর্শনের আধ্যাত্মিক আবহ কাটিয়ে প্রধানমন্ত্রী সরাসরি পৌঁছে যান হাওড়ার রাজপথে। বেলুড় সংলগ্ন এলাকা থেকে শুরু হয় তাঁর নির্ধারিত রোড শো। রাস্তার দু’ধারে হাজার হাজার মানুষের ভিড় ও ‘জয় শ্রী রাম’ ধ্বনির মধ্য দিয়ে এগোতে থাকে প্রধানমন্ত্রীর সুসজ্জিত গাড়ি। বহু জায়গায় তাঁর ওপর পুষ্পবৃষ্টি করা হয়। রোড শো চলাকালীন রাস্তার দু’ধারে দাঁড়ানো মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। হাওড়ার এই মেগা শো-কে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল নিশ্ছিদ্র।
রাজ্যে যখন প্রথম দফার ভোটগ্রহণ চলছে এবং আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় হাওড়া জেলায় ভোট হতে চলেছে, ঠিক তার আগেই প্রধানমন্ত্রীর এই বেলুড় সফর ও রোড শো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এর মাধ্যমে তিনি যেমন ধর্মীয় আবেগকে ছুঁয়ে গেলেন, তেমনই হাওড়ার ভোটারদের কাছেও পৌঁছে দিলেন বিশেষ রাজনৈতিক বার্তা।
হিন্দুস্থান সমাচার / সোনালি