
চেন্নাই, ২৩ এপ্রিল (হি.স.): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোটদানের সাক্ষী থাকল রাজ্য। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাজ্যে ভোটদানের হার দাঁড়িয়েছে ৮৪.৬৯ শতাংশ, যা স্বাধীনতার পর সর্বোচ্চ বলে দাবি করা হয়েছে। নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, কিছু বুথের তথ্য এখনও আসা বাকি রয়েছে, ফলে ভোটের হার আরও সামান্য বাড়তে পারে। এ বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, “স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে সর্বোচ্চ ভোটদানের হার রেকর্ড হয়েছে। কমিশন পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে।”
জেলা ভিত্তিক পরিসংখ্যানে কারুরে সর্বোচ্চ ৯২.০৪ শতাংশ ভোট পড়েছে। চেন্নাইয়ে ভোটদানের হার দাঁড়িয়েছে ৮৩.২১ শতাংশ।
রাজ্যের মোট ৫.৭৩ কোটি ভোটার ২৩৪টি আসনের জন্য ৪,০২৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়, যা সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল।
এই নির্বাচনে মূল লড়াই ডিএমকে নেতৃত্বাধীন সেকুলার প্রগ্রেসিভ অ্যালায়েন্স এবং এআইএডিএমকে নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মধ্যে। মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিনের নেতৃত্বাধীন ডিএমকে জোট ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে। অন্যদিকে এআইএডিএমকে সাধারণ সম্পাদক এডাপ্পাডি কে. পালানিস্বামী পাঁচ বছর পর ক্ষমতায় ফেরার লক্ষ্যে লড়ছেন।
ডিএমকে জোট কংগ্রেস-সহ একাধিক শরিক দল নিয়ে নির্বাচনে লড়ছে। অন্যদিকে এআইএডিএমকে ও বিজেপি ২০২৪ সালে জোটবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। পাশাপাশি অভিনেতা-রাজনীতিক বিজয়ের দলও এই নির্বাচনে নতুন রাজনৈতিক মাত্রা যোগ করেছে।
সব মিলিয়ে, তামিলনাড়ুতে এবারের ভোটে অভূতপূর্ব অংশগ্রহণ রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, তামিলনাড়ুতে এক দফাতেই ভোটগ্রহণ হচ্ছে এবং ফল ঘোষণা হবে ৪ মে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য