( লিড) আম আদমি পার্টিতে বিশাল ভাঙন, দুই-তৃতীয়াংশ সাংসদ নিয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন রাঘব চাড্ডা
নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি. স.) : আম আদমি পার্টিতে (এএপি) শুক্রবার এক বড়সড় ধস নামল। রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডাসহ দলের মোট সাতজন সাংসদ—যা রাজ্যসভায় আপের মোট সদস্য সংখ্যার দুই-তৃতীয়াংশ—দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেওয়ার ঘোষণা করেছেন।
রাঘব চাড্ডা


নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি. স.) : আম আদমি পার্টিতে (এএপি) শুক্রবার এক বড়সড় ধস নামল। রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডাসহ দলের মোট সাতজন সাংসদ—যা রাজ্যসভায় আপের মোট সদস্য সংখ্যার দুই-তৃতীয়াংশ—দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেওয়ার ঘোষণা করেছেন।

দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক এবং অশোক মিত্তল এই সিদ্ধান্তের কথা জানান। রাঘব চাড্ডা দাবি করেন যে, রাজ্যসভায় আপের ১০ জন সদস্যের মধ্যে সাতজন ইতিমধ্যেই তাঁদের সম্মতিপত্রে স্বাক্ষর করেছেন এবং সেই নথি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয়েছে। এই সাতজন সাংসদের মধ্যে চাড্ডা, পাঠক ও মিত্তল ছাড়াও রয়েছেন হরভজন সিং, রাজিন্দর গুপ্তা, বিক্রম সাহনি এবং স্বাতী মালিওয়াল। এর ফলে উচ্চকক্ষে আপের সদস্য সংখ্যা কমে দাঁড়াল মাত্র তিনে।

দল ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাঘব চাড্ডা বলেন যে, দীর্ঘ সময় ধরে তিনি দলের কর্মসূচি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন কারণ তিনি নেতৃত্বের 'অন্যায়' কাজের ভাগীদার হতে চাননি। তাঁর অভিযোগ, যে দলকে তিনি নিজের রক্ত-ঘাম দিয়ে গড়ে তুলেছিলেন, সেই দল আজ আদর্শচ্যুত হয়ে দেশহিতের পরিবর্তে ব্যক্তিগত স্বার্থে কাজ করছে। তিনি নিজেকে ‘ভুল দলের সঠিক মানুষ’ বলে অভিহিত করেন।

উল্লেখ্য যে, গত ২ এপ্রিল আম আদমি পার্টি রাঘব চাড্ডাকে রাজ্যসভার উপনেতার পদ থেকে সরিয়ে দিয়েছিল এবং তাঁর ভাষণ দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। মূলত দলের সেই পদক্ষেপ থেকেই এই বিদ্রোহের সূত্রপাত। সেই সময় তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন যে, তাঁর ওপর হওয়া প্রতিটি অন্যায়ের বিচার হবে।

দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী, কোনো দলের দুই-তৃতীয়াংশ সাংসদ বা বিধায়ক একসাথে দল ছাড়লে তাঁদের সদস্যপদ বাতিল হয় না। এই নিয়ম অনুযায়ী রাঘবদের সদস্যপদ সুরক্ষিত থাকবে। রাজ্যসভায় বর্তমানে বিজেপির ১০৬ জন সদস্য রয়েছেন, আপের এই সাতজন যোগ দিলে সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে ১১৩। সূত্রের খবর, রাঘব চাড্ডা ও তাঁর সঙ্গীরা খুব শীঘ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দেবেন। ১৯৮৮ সালে দিল্লিতে জন্ম নেওয়া রাঘব চাড্ডা পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং আন্না আন্দোলনের সময় থেকে অরবিন্দ কেজরিওয়ালের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। ২০২২ সালে মাত্র ৩৩ বছর বয়সে কনিষ্ঠতম সাংসদ হিসেবে তিনি রাজ্যসভায় মনোনীত হয়েছিলেন। কিন্তু দীর্ঘ ১১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে এদিন তিনি তাঁর রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু করলেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande