
উত্তর ২৪ পরগনা, ২৪ এপ্রিল (হি.স.): শুক্রবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের 'বিজয় সংকল্প সভা' থেকে তৃণমূলকে নিশানা করলেন অমিত শাহ। এদিন হিঙ্গলগঞ্জের সভা থেকে প্রথম দফার ভোটের ‘ফল’ জানালেন শাহ। তিনি বলেন, তৃণমূল ও মমতাদির খেলা শেষ হতে চলেছে। কাল ভোট হয়েছে। সেই ১৫২ আসনের মধ্যে ১১০টি জিতবে বিজেপি। বাংলায় এবার বিপুল জনসমর্থন নিয়ে পদ্ম শিবিরই সরকার গড়তে চলেছে। প্রথম দফার এই উচ্চহারের ভোটদান আসলে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এক শক্তিশালী জনমতের প্রতিফলন।
অমিত শাহ বলেন, তৃণমলের গুন্ডারা শুনুন, ২৯ তারিখ বাড়ির বাইরে বের হবেন না। তা না হলে ৫ তারিখের পর উল্টো ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে। জনগণের উদ্দেশে শাহ বলেন, ৫ তারিখের পর আর আপনাদের কাটমানির নামে ভাইপো ট্যাক্স দিতে হবে না। মমতাদি নিজের ভোটব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে। বিজেপি সরকারকে আসতে দিন, ৫ তারিখের পর সব অনুপ্রবেশকারীকে খুঁজে খুঁজে বের করে দেশের বাইরে পাঠানো হবে। মমতাদি এবং তৃণমূলের নেতারা ২৬ হাজার যুবকের নিয়োগের জন্য ২০০ কোটি টাকা খেয়েছে, তা সব ফেরত দিতে হবে। ভাইপোর আশীর্বাদে সারা বাংলায় গরু পাচার বেড়ে গিয়েছে। গরু পাচারকারীরা সাবধান হয়ে যান। ৫ তারিখের পর কেউ গরু পাচারের চেষ্টা করলে জেলে ঢোকানো হবে।
হিঙ্গলগঞ্জের সভা থেকে অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে গুন্ডারাজ শেষ হবেই। আর জি করের নির্যাতিতার মা এবং সন্দেশখালিতে অত্যাচারিত রেখা পাত্রকে আমরা টিকিট দিয়েছি। তাঁদের বিধানসভায় পাঠিয়ে গুন্ডাদের শিক্ষা দেওয়া হবে। ১৫ বছরে তৃণমূলের কাটমানির সরকার প্রচুর দুর্নীতি করেছে। ১০ হাজার কোটির দুর্নীতি হয়েছে। বাংলার মানুষের থেকে সেই টাকা নিয়েছে তৃণমূল। সব টাকা ফেরত নেওয়া হবে। এক এক পয়সা ফেরত নেব।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ