
নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গে এসআইআরের বিরুদ্ধে ভোট পড়ছে। রাজ্যে প্রথম দফার ভোটের পরেরদিন শুক্রবার এমনই মন্তব্য করলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে অরবিন্দ কেজরিওয়াল লেখেন, শুনলাম পশ্চিমবঙ্গে এসআইআরের বিরুদ্ধে ভোট পড়ছে। মোদীজির এসআইআর তাঁরই বিরুদ্ধে যাচ্ছে।
প্রসঙ্গত, রাজ্যে প্রথম দফায় ভোটদানের বিপুল হার নিয়ে নানা ব্যাখ্যা চলছে বৃহস্পতিবার থেকেই।
উল্লেখ্য, রাজ্যে প্রথম দফার ভোটের আগেরদিন অর্থাৎ বুধবার অরবিন্দ কেজরিওয়াল সমাজ মাধ্যমে লিখেছিলেন, মমতা দিদির সাথে কথা বললাম। তাঁর প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন ব্যক্ত করলাম। তিনি বর্তমানে অন্যতম কঠিন এক লড়াই লড়ছেন— যা ভারতীয় গণতন্ত্রের জন্যও অন্যতম গুরুত্বপূর্ণ একটি লড়াই। সিইসি-সহ সমস্ত প্রতিষ্ঠানের অপব্যবহার করা সত্ত্বেও, মোদীজি শেষমেশ পরাজিতই হবেন।
এদিকে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের হয়ে প্রচার করতে রাজ্যে আসতে পারেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আগামী ২৬ ও ২৭ এপ্রিল, দু’দিন প্রচার করবেন তিনি। এমনটাই জানা গেছে আম আদমি পার্টির তরফে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ