
নয়াদিল্লি ,২৫ এপ্রিল(হি.স.): অরুণ জেটলি স্টেডিয়ামে তখন দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংসের লড়াই তুঙ্গে। কিন্তু মুহূর্তেই সেই উত্তেজনা রূপ নিল বিষাদে। মাঝমাঠে ক্যাচ নিতে গিয়ে ভয়াবহ মাথায় আঘাত পেয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিডি। চোটের গভীরতা এতটাই বেশি ছিল যে, শেষ পর্যন্ত মাঠের ভেতর অ্যাম্বুলেন্স ডেকে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হয়েছে।
ঘটনাটি ঘটেছে বিকেল ৫টা ৫৩ মিনিটে। এনগিডিকে মাঠে পড়ে থাকতে দেখে দুই দলের খেলোয়াড়রাই আতঙ্কিত হয়ে ছুটে যান। দ্রুত ফিজিওরা মাঠে আসেন। দীর্ঘক্ষণ পর্যবেক্ষণের পর দেখা যায় তিনি নড়াচড়া করতে পারছেন না। তাৎক্ষণিকভাবে মাঠের ভেতর সরাসরি অ্যাম্বুলেন্স প্রবেশ করানো হয়। দীর্ঘ ১৪ মিনিট খেলা বন্ধ থাকার পর তাকে প্রয়োজনীয় স্ক্যানের জন্য স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়।
দিল্লি ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনও এনগিডির শারীরিক অবস্থার বিস্তারিত আপডেট জানানো হয়নি। আইপিএলের রোমাঞ্চ ছাপিয়ে সবার মনেই একটাই প্রার্থনা ছিল, সুস্থ হয়ে ফিরুন এনগিডি।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি