দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক, একদিনে ৫১.৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ: কেন্দ্র
নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির মধ্যেও দেশে পেট্রোলিয়াম পণ্য ও রান্নার গ্যাসের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে রবিবার জানিয়েছে কেন্দ্র সরকার। আতঙ্কিত না হয়ে অযথা জ্বালানি মজুত না করার জন্য সাধারণ মানুষকে অনু
দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক, একদিনে ৫১.৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ: কেন্দ্র


নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির মধ্যেও দেশে পেট্রোলিয়াম পণ্য ও রান্নার গ্যাসের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে রবিবার জানিয়েছে কেন্দ্র সরকার। আতঙ্কিত না হয়ে অযথা জ্বালানি মজুত না করার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২৫ এপ্রিল দেশজুড়ে ৫১.৮ লক্ষেরও বেশি গৃহস্থালি এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। কোথাও গ্যাসের ঘাটতি বা ‘ড্রাই-আউট’-এর পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানানো হয়েছে।

মন্ত্রক জানিয়েছে, এলপিজি, পিএনজি ও সিএনজি—সব ক্ষেত্রেই ১০০ শতাংশ সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। মার্চ ২০২৬ থেকে এখন পর্যন্ত প্রায় ৫.৪৫ লক্ষ নতুন পিএনজি সংযোগ চালু হয়েছে এবং আরও ২.৬২ লক্ষ সংযোগের পরিকাঠামো তৈরি করা হয়েছে। পাশাপাশি, ৪২,৫০০-র বেশি গ্রাহক পিএনজি গ্রহণ করে এলপিজি সংযোগ ছেড়ে দিয়েছেন।

সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রিফাইনারিগুলি পূর্ণ ক্ষমতায় কাজ করছে এবং পেট্রোল-ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে। এলপিজির চাহিদা সামলাতে কেরোসিন ও কয়লার মতো বিকল্প জ্বালানির ব্যবস্থাও বাড়ানো হয়েছে।

বাণিজ্যিক এলপিজি সরবরাহে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এছাড়া, পরিযায়ী শ্রমিকদের জন্য ৫ কেজির সিলিন্ডারের সরবরাহ বাড়ানো হয়েছে।

মজুতদারি ও কালোবাজারি রুখতে দেশজুড়ে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিগত দিনে ২১০০-র বেশি তল্লাশি চালানো হয়েছে, ৩১০টি গ্যাস এজেন্সির উপর জরিমানা করা হয়েছে এবং ৭০টি এজেন্সিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

পশ্চিম এশিয়ায় ভারতীয়দের নিরাপত্তা নিয়েও সক্রিয় রয়েছে সরকার। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত ২,৭৬৪ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ১২.৯৬ লক্ষ যাত্রী ওই অঞ্চল থেকে ভারতে ফিরেছেন।

কেন্দ্রের দাবি, দেশের সব বন্দরেই স্বাভাবিক কাজকর্ম চলছে এবং ভারতীয় জাহাজ বা নাবিকদের নিয়ে কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande