
লন্ডন, ২৬ এপ্রিল (হি.স.):মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে ২ গোল করে ম্যাচ জিতে নতুন ইতিহাস গড়েছে ম্যানচেস্টার সিটি । ইতিহাসের প্রথম দল হিসেবে টানা চারবার এফএ কাপের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি।
শনিবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের সেমিফাইনালে সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে সিটি।
প্রথমে ফিন এজাজের গোলে পিছিয়ে পড়ার পর জেরেমি ডকু ও নিকো গঞ্জালেসের গোলে ফাইনাল নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি।
ম্যাচে বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল পেপ গার্দিওলার দলেরই। ৬৯ শতাংশ বল পজেশন ধরে রেখে ২৪টি শট নিয়েছে সিটি, যার মধ্যে ৬টি লক্ষ্যে ছিল। আর সাউদাম্পটনের ৪ শটের ৩টি ছিল লক্ষ্যে।
এই নিয়ে টানা চতুর্থ মরসুম এফএ কাপের ফাইনালে গেল সিটি। ফাইনালে তারা খেলবে আরেক সেমিফাইনালে চেলসি ও লিডস ইউনাইটেডের মধ্যে বিজয়ী দলের সঙ্গে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি