
নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): ‘মন কি বাত’-এর ১৩৩-তম পর্বে দেশবাসীর উদ্দেশে বহুমুখী ও বিস্তৃত বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রযুক্তির অগ্রগতি থেকে শিক্ষা, গণিত অলিম্পিয়াডে সাফল্য, জনগণনা ২০২৭, খাদ্য ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস, জ্বালানি এবং যুবসমাজ—বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি বিস্তারিতভাবে বক্তব্য রাখেন।
প্রযুক্তির বিস্ময় ও ডিজিটাল ইতিহাসের নতুন দিগন্ত
প্রধানমন্ত্রী বলেন, দ্রুত পরিবর্তনশীল সময়ে প্রযুক্তি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং এটি আমাদের অতীতকে বর্তমানের সঙ্গে নির্বিঘ্নে সংযুক্ত করছে। এই প্রসঙ্গে তিনি জানান, ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া একটি বিশেষ পোর্টালে ২০ কোটিরও বেশি অমূল্য ঐতিহাসিক নথি ডিজিটাইজ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে। তিনি দেশবাসীকে অবশ্যই http://abhilekh.patal.in পোর্টাল পরিদর্শনের আহ্বান জানিয়ে বলেন, এটি ইতিহাস অন্বেষণের এক অনন্য সুযোগ।
শিক্ষাক্ষেত্রে সাফল্য ও অলিম্পিয়াড
বিদ্যালয়ের যেসব ছাত্র-ছাত্রীদের অঙ্কে আগ্রহ রয়েছে তাদের জন্য আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড একটি অত্যন্ত সম্মানজনক প্রতিযোগিতা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এই অলিম্পিয়াডে ভারতীয় মেয়েরা এ পর্যন্ত সেরা ফলাফল করেছে।
এই প্রতিভাবান দলের মধ্যে রয়েছেন মুম্বইয়ের শ্রেয়া মুন্ধড়া (স্বর্ণপদক), তিরুবনন্তপুরমের সঞ্জনা চাকো (রৌপ্যপদক), চেন্নাইয়ের শিবানী ভরত কুমার (ব্রোঞ্জ পদক) এবং কলকাতার শ্রীময়ী বেরা। এই দল বিশ্বে ষষ্ঠ স্থান অধিকার করেছে।
তিনি বলেন, এই সাফল্যের পেছনে রয়েছে কঠিন বহুস্তরীয় বাছাই প্রক্রিয়া—রিজিওনাল, স্টেট ও ন্যাশনাল স্তরের পরীক্ষা পেরিয়ে নির্বাচিত ছাত্রীদের এক মাসের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের হোমি ভাবা সেন্টার ফর সায়েন্স এডুকেশনে।
প্রধানমন্ত্রী আরও জানান, প্রতি বছর প্রায় ৬ লক্ষ ছাত্রী এই প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং এই প্রবণতা দ্রুত বাড়ছে। অভিভাবকদের ভূমিকাও তিনি বিশেষভাবে প্রশংসা করেন।
জনগণনা ২০২৭: ডিজিটাল উদ্যোগ
প্রধানমন্ত্রী বলেন, জনগণনা ২০২৭ বিশ্বের বৃহত্তম জনগণনা কার্যক্রম এবং এবারের প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল করা হয়েছে। তিনি বলেন, নাগরিকরা নিজেরাই তথ্য পূরণ করতে পারবেন এবং একটি বিশেষ আইডির মাধ্যমে তা যাচাই করা যাবে।
তিনি জানান, ইতিমধ্যেই প্রায় ১ কোটি ২০ লক্ষ পরিবারের বাড়ি তালিকাভুক্ত করার কাজ সম্পন্ন হয়েছে। জনগণনাকে তিনি শুধুমাত্র সরকারি কাজ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব বলে উল্লেখ করেন।
তিনি আশ্বস্ত করেন, নাগরিকদের দেওয়া সমস্ত তথ্য সম্পূর্ণ নিরাপদ এবং শক্তিশালী ডিজিটাল ব্যবস্থায় সুরক্ষিত থাকবে।
খাদ্য ঐতিহ্য ও দুগ্ধ শিল্প
ভারতের খাদ্য ঐতিহ্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটি শুধুমাত্র স্বাদের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারতীয় পনির এখন বিশ্ববাজারে নিজের জায়গা তৈরি করছে।
তিনি জানান, ব্রাজিলে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক পনির প্রতিযোগিতায় ভারতীয় পনিরের দুটি ব্র্যান্ড পুরস্কৃত হয়েছে। প্রধানমন্ত্রী বিভিন্ন ঐতিহ্যবাহী পনিরের উদাহরণ তুলে ধরেন—জম্মু-কাশ্মীরের ‘কলারি’ (কাশ্মীরের মোজারেলা), সিকিম, অরুণাচল প্রদেশ ও লাদাখের ‘ছুরপি’, এবং গুজরাট-মহারাষ্ট্রের ‘টোপলি নু পনির’ বা ‘সুরতি চিজ’।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তি, উন্নত প্যাকেজিং এবং বিনিয়োগের ফলে এই শিল্প দ্রুত বিকশিত হচ্ছে এবং ভারতীয় পণ্য বিশ্ববাজারে পৌঁছে যাচ্ছে।
সংস্কৃতি, রবীন্দ্রনাথ ও ঐতিহাসিক প্রেক্ষাপট
প্রধানমন্ত্রী জানান, আগামী পঁচিশে বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুর -এর জন্মবার্ষিকী পালিত হবে। তিনি রবীন্দ্রনাথের বহুমুখী প্রতিভা ও শান্তিনিকেতনের অবদানের কথা স্মরণ করেন।
তিনি বলেন, মে মাস ১৮৫৭ সালের প্রথম স্বাধীনতা সংগ্রামের কথাও স্মরণ করিয়ে দেয় এবং সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়া প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিটিং রিট্রিট অনুষ্ঠানে ভারতীয় সংগীতের ক্রমবর্ধমান উপস্থিতির কথাও তিনি উল্লেখ করেন।
বুদ্ধ পূর্ণিমা ও দর্শন
প্রধানমন্ত্রী বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গৌতম বুদ্ধ-র শিক্ষার প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
তিনি বলেন, বর্তমান বিশ্বে সংঘাতের মধ্যে বুদ্ধের শান্তি, আত্মসংযম ও আত্মজয়ের বার্তা আরও বেশি গুরুত্বপূর্ণ।
জ্বালানি ক্ষেত্রে অগ্রগতি
জ্বালানি ক্ষেত্রের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বায়ু শক্তি ভারতের উন্নয়নের এক গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছে। দেশের বায়ু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫৬ গিগাওয়াট ছাড়িয়ে গেছে এবং এই ক্ষেত্রে ভারত বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। এটি দেশের জ্বালানি ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
যুবসমাজ ও বার্তা
গ্রীষ্মের ছুটিতে ছাত্রছাত্রীদের নতুন কিছু শেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি সকলকে স্বাস্থ্যের যত্ন নেওয়ার পরামর্শ দেন।
শেষে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী মে মাসে নতুন বিষয় ও দেশের সাফল্যের কথা নিয়ে তিনি আবারও দেশবাসীর সঙ্গে ‘মন কি বাত’-এর মাধ্যমে কথা বলবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য