
বনগাঁ, ২৬ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গের ক্রীড়া বাস্তুতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, কটাক্ষ করে বললেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বনগাঁর ঠাকুরনগরে আয়োজিত জনসভা থেকে মোদী বলেন, ‘‘বিজেপি ক্রীড়াক্ষেত্রকে নতুন পর্যায়ে নিয়ে যাবে। তৃণমূল নষ্ট করেছে। কলকাতায় কয়েক মাস আগে যা হয়েছে, দুনিয়ার ফুটবলপ্রেমীরা যা দেখেছেন, তা জঙ্গলরাজের পরিণাম। আমি সব ক্রীড়াবিদদের বলছি, খেলো ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে বাংলাকে সাহায্য করা হবে।’’
মোদী আরও বলেন, ‘‘কলকাতা থেকে জয়ী হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তখন ২৪ পরগনা, নদিয়ার অনেক সমর্থন পেয়েছিল জনসঙ্ঘ। পূর্ব বঙ্গ থেকে আসা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছিল। তাঁদের কথা বলেছিল। শরণার্থীদের প্রবক্তা মনে করা হয় শ্যামাপ্রসাদকে। দেশভাগ থেকে আজ পর্যন্ত সব শরণার্থীদের দায়িত্ব আমাদের। তাঁদের চিন্তা করা ভারতের ঐতিহাসিক দায়িত্ব। সে জন্য মোদী সিএএ এনেছিল। এর আগে সেই কাজ কেন হয়নি? মতুয়া, নমশূদ্রদের বলব, আপানদের নাগরিকত্ব, স্থায়ী ঠিকানা, কাগজ দেওয়া হবে, সব অধিকার দেওয়া হবে, যা ভারতের সব নাগরিকেরা পান। এটা মোদীর গ্যারান্টি।’’
মেয়েদের শিক্ষা এবং চিকিৎসার চিন্তা করবে বিজেপি’, এ কথা জানিয়ে মোদী বলেন, ‘‘মহিলাদের চিন্তা থাকে সংসার কী ভাবে চলবে। বিজেপি সরকার মুক্ত চাল দেয়। সাত থেকে ১০ হাজার টাকা বাঁচে বছরে প্রতি পরিবারের। দেড় লক্ষ টাকা দেবে পাকা বাড়ি তৈরির জন্য। তৃণমূল আর্সেনিকযুক্ত জল খেতে বাধ্য করছে। বিজেপি সরকার প্রতি ঘরে বিশুদ্ধ জল দেবে। ৮০ হাজার টাকা দেবে ছাদের উপরে সৌরপ্রকল্পের ব্যবস্থা করার জন্য। এতে বিদ্যুতের বিল বাঁচবে। ৫ লক্ষ টাকা পর্যন্ত মুক্ত চিকিৎসার ব্যবস্থা করবে। সারভাইক্যাল ক্যানসারের চিকিৎসা, টিকা বিনামূল্যে দেওয়া হবে। গর্ভবতী মহিলাদের ২১ হাজার টাকা দেওয়া হবে। স্নাতক পাশ করার জন্য ৫০ হাজার টাকা সাহায্য করা হবে। মেয়েদের শিক্ষা এবং চিকিৎসার চিন্তা করবে বিজেপি।’’
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ