
ব্যারাকপুর, ২৭ এপ্রিল (হি.স.): ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসার পরে কলকাতাকে ‘লন্ডন’ বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ বছর পরে নাম না করে তাঁর সেই প্রতিশ্রুতিকেই কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, ‘কলকাতাকে লন্ডন নয়, কলকাতাই তৈরি করতে হবে।’ সোমবার ব্যারাকপুরে নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, তৃণমূল বলেছিল, কলকাতাকে লন্ডন বানাবে। কলকাতার বারোটা বাজিয়েছে তারা। আমরা কলকাতাকে কলকাতাই রাখতে চাই। সিটি অফ জয় তো থাকবেই, তাকে সিটি অব ফিউচার করে তুলব।
বলেন, কলকাতাকে অনুপ্রবেশকারীদের হাত থেকে বাঁচাতে হবে। টিএমসি কলকাতাকে লন্ডন বানানোর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু, গত ১৫ বছরে তাদের মদতে এই শহর ভরে গিয়েছে অনুপ্রবেশকারীতে। তাদের আশ্রয় দিয়েছে তৃণমূল। শহরের পরিচয় বাঁচাতে আমাদের একত্রে কাজ করতে হবে। কলকাতাকে লন্ডন নয়, কলকাতাই তৈরি করতে হবে। গঙ্গাপারের এই শহরকে নিয়ে একাধিক পরিকল্পনার কথাও শোনান নরেন্দ্র মোদী। তাঁর কথায়, কলকাতাকে ঢেলে সাজাতে সুগঠিত পরিবহণ ব্যবস্থা দরকার। কলকাতা মেট্রোর দ্রুত বিস্তারের জন্য বিজেপিকে ভোট দিন। সিটি অফ জয় একুশের শতকে সিটি অফ ফিউচার করার লক্ষ্যে কাজ করতে হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ