
যোধপুর, ২৭ এপ্রিল (হি.স.) : রানওয়ে মেরামতির কাজের জন্য গত এক মাস ধরে বন্ধ থাকার পর মঙ্গলবার, ২৮ এপ্রিল থেকে ফের সচল হচ্ছে যোধপুর বিমানবন্দর। বিমানবন্দর খোলার পাশাপাশি কাল থেকেই কার্যকর হচ্ছে উড়ানের নতুন ‘সামার শিডিউল’ বা গ্রীষ্মকালীন সময়সূচি। এর অধীনে দেশের ছয়টি প্রধান শহরের জন্য মোট ৯টি বিমানের ১৮টি ফেরি যাতায়াত করবে বলে জানানো হয়েছে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, আমদাবাদ, পুনে এবং হায়দরাবাদ—এই শহরগুলোর সঙ্গে সরাসরি বিমান পরিষেবা পাবেন যাত্রীরা।
নতুন সূচি অনুযায়ী, দিল্লি ও মুম্বই রুটে প্রতিদিন দুটি করে উড়ান থাকবে। বেঙ্গালুরু রুটে ইন্ডিগো সোম, বুধ, শুক্র ও রবিবার এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস শনিবার বাদে সপ্তাহের বাকি দিনগুলোতে পরিষেবা দেবে। আমদাবাদ রুটে বুধবার বাদে সপ্তাহের বাকি দিনগুলোতে বিমান পাওয়া যাবে। অন্যদিকে, পুনে ও হায়দরাবাদের জন্য প্রতিদিন একটি করে উড়ান বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও গরমের মরসুমে জয়পুর-যোধপুর এবং ইন্দোর রুটের উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বছর প্রথমবার গ্রীষ্মকালেও জৈসলমের বিমানবন্দর চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩ মে থেকে ‘অ্যালায়েন্স এয়ার’-এর পক্ষ থেকে জৈসলমের-জয়পুর রুটে উড়ান শুরু হবে, যার ফলে পর্যটকরা জৈসলমের থেকে জয়পুর হয়ে অনায়াসে দিল্লি ফিরতে পারবেন।
বিমানবন্দর অধিকর্তা মনোজ উনিয়াল জানিয়েছেন যে, মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটে প্রথম ল্যান্ডিং এবং বিকেল ৪টা ১৫ মিনিটে শেষ ল্যান্ডিং হবে। উড়ানগুলো উড্ডয়ন করবে সকাল ৯টা ২০ মিনিট থেকে বিকেল ৪টা ৪৫ মিনিটের মধ্যে। ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার পাশাপাশি এবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস-ও তাদের পরিষেবা জারি রাখবে। এয়ারফোর্স স্টেশনের রানওয়েটি ভূগর্ভস্থ জলস্তর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটিকে বিশেষ কংক্রিট লেয়ার, উন্নত ড্রেনেজ সিস্টেম এবং ভূমিকম্পরোধী কাঠামোয় নতুন করে ঢেলে সাজানো হয়েছে। ১৭ মে পর্যন্ত রানওয়ের শেষ পর্যায়ের কাজ চললেও বিমান চলাচলের সুবিধার্থে কাল থেকেই এই নতুন ও জলরোধী রানওয়েটি অপারেশনের জন্য খুলে দেওয়া হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি