
নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.): দাউদ ইব্রাহিমের ড্রাগ র্যাকেটের মূল মাথা ও ঘনিষ্ঠ সহযোগী, কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলাকে ভারতের হাতে প্রত্যর্পণকে বড় সাফল্য আখ্যা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাদক কারবারিদের উদ্দেশে অমিত শাহ জানিয়ে দিয়েছেন, মাদক কারবারিদের জন্য এখন কোনও স্থানই নিরাপদ নয়।
ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক এজেন্সিগুলির যৌথ অভিযানে ইস্তানবুলে দাউদ ঘনিষ্ঠ সেলিম ডোলাকে গ্রেফতারের পরে মঙ্গলবার ভোরে একটি বিশেষ বিমানে তাকে দিল্লির টেকনিক্যাল বিমানবন্দরে আনা হয়। বিমানবন্দরে নামার পরই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। সূত্রের খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে তাঁকে মুম্বই পুলিশ বা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে তুলে দেওয়া হতে পারে। এই প্রত্যর্পণকে ভারতের মাদকবিরোধী অভিযানে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
এদিন এক্স মাধ্যমে অমিত শাহ জানান, নারকোটিকস কন্ট্রোল ব্যুরো তুরস্ক থেকে কুখ্যাত মাদক পাচারকারী মহম্মদ সেলিম ডোলাকে ফিরিয়ে এনে বড় সাফল্য অর্জন করেছে। মাদক চক্রগুলিকে নির্মূল করার মোদী সরকারের অভিযানের অধীনে, আমাদের মাদকবিরোধী সংস্থাগুলি বিশ্বব্যাপী সংস্থাগুলির একটি শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে সীমান্ত পেরিয়ে নিজেদের থাবা প্রসারিত করেছে। এখন, তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, মাদক কারবারিদের জন্য কোনও স্থানই নিরাপদ নয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ