
নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.): অসহ্য গরম থেকে এখনই স্বস্তির কোনও সম্ভাবনা নেই। উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের কিছু অংশে আগামী দুই দিন তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করবে। তবে, তারপর কমবে অস্বস্তি। পশ্চিমী ঝঞ্ঝার সৌজন্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। জম্মুতেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে আগামী দুই দিন। জম্মু, কাঠুয়া, সাম্বা, রিয়েসি ও উধমপুর জেলায় গরম ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, মধ্যপ্রদেশ, পঞ্জাব, রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, ছত্তিশগড়, গুজরাট এবং বিদর্ভে আগামী ২৪ ঘণ্টাও তাপপ্রবাহ চলবে। বুধবার থেকে আবহাওয়ার বদল হতে পারে। ওই সময়ে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান-সহ বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড় হতে পারে। ২৯ এপ্রিল থেকে তাপমাত্রা কমতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ