
নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.): ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুনায়না সিঙ্গাপুরের চাঙ্গি নৌঘাঁটিতে পৌঁছেছে। এই সফরের মাধ্যমে ভারত-সিঙ্গাপুরের শক্তিশালী সামুদ্রিক সম্পর্ক আরও একবার স্পষ্ট হয়েছে। উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে জাহাজটিকে স্বাগত জানানো হয়।
এই জাহাজ ২৯ এপ্রিল সিঙ্গাপুর থেকে পুনরায় রওনা হয়ে হিন্দ মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা ও সম্মিলিত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে তার মিশন চালিয়ে যাবে। ‘সাগর ভিশন’-এর আওতায় এই মোতায়েন করা হয়েছে, যার লক্ষ্য নিরাপত্তা ও উন্নয়নে সমন্বিত অগ্রগতি।
সিঙ্গাপুরে ভারতের হাইকমিশনার ড. শিল্পক আম্বুলে জাহাজে গিয়ে নাবিকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের ভূমিকার প্রশংসা করেন। জাহাজের কমান্ডিং অফিসার কমান্ডার সিদ্ধার্থ চৌধুরী ক্রাঞ্জি যুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান এবং সিঙ্গাপুর নৌবাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।
এই সফরে জাহাজটি সাধারণ দর্শনার্থীদের জন্যও খুলে দেওয়া হয়েছিল। পাশাপাশি ‘এক মহাসাগর, এক মিশন’ শীর্ষক কর্মসূচির মাধ্যমে সামুদ্রিক সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য