
নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.) : দিল্লি আবগারি দুর্নীতি মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ ২২ অভিযুক্তকে ট্রায়াল কোর্টের বেকসুর মুক্তির বিরুদ্ধে সিবিআইয়ের দায়ের করা আবেদনের শুনানি বুধবার করবে দিল্লি হাইকোর্ট। শুনানি দেবেন বিচারপতি স্বর্ণ কান্ত শর্মা।
জানা গেছে, কেজরিওয়াল এবং মনীশ সিসোদিয়া—দু’জনেই ব্যক্তিগতভাবে বা আইনজীবীর মাধ্যমে আদালতে কোনও তাঁদের যুক্তি উপস্থাপনা পেশ করবেন না বলে জানিয়েছেন। তাঁরা চিঠি দিয়ে আদালতকে জানিয়েছেন, বিচারপতি স্বর্ণ কান্তা শর্মার বেঞ্চে তাঁদের আস্থা নেই এবং তাঁরা ‘সত্যাগ্রহ’-এর পথ বেছে নেবেন।
এর আগে ২০ এপ্রিল বিচারপতি শর্মা এই মামলায় শুনানি থেকে সরে দাঁড়ানোর আবেদন খারিজ করে স্পষ্ট জানান, তিনি নিরপেক্ষভাবেই সিদ্ধান্ত দেবেন। বিচারপতির বক্তব্য, তাঁর দীর্ঘ বিচারিক জীবনে তিনি কখনও প্রভাবিত হননি এবং এখানেও হবেন না।
উল্লেখ্য, কেজরিওয়াল পক্ষের অভিযোগ ছিল—প্রথম শুনানিতেই অপর পক্ষের বক্তব্য না শুনে ট্রায়াল কোর্টের রায় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যা ন্যায়বিচারের পরিপন্থী। এই প্রেক্ষাপটে আজকের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও আইনি মহল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য