গরমে কোল্ড ড্রিংক ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ায়: এমসের সতর্কবার্তা
নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.) : তীব্র গরমে তৃষ্ণা মেটাতে কোল্ড ড্রিংক খেলে শরীর উপকার পাওয়ার বদলে ক্ষতির মুখে পড়তে পারে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)–এর বিশেষজ্ঞদের মতে, বারবার কোল্ড ড্রিংক গ্রহণ করলে ডিহাইড্রেশন, রক্তে শর্করার
গরমে কোল্ড ড্রিংক ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ায়: এমসের সতর্কবার্তা


নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.) : তীব্র গরমে তৃষ্ণা মেটাতে কোল্ড ড্রিংক খেলে শরীর উপকার পাওয়ার বদলে ক্ষতির মুখে পড়তে পারে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)–এর বিশেষজ্ঞদের মতে, বারবার কোল্ড ড্রিংক গ্রহণ করলে ডিহাইড্রেশন, রক্তে শর্করার ওঠানামা এবং হৃদযন্ত্রে অতিরিক্ত চাপের মতো সমস্যা দেখা দিতে পারে।

এমস দিল্লিতে বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চিকিৎসক শেফালি গুলাটি, নবল বিক্রম, নিধি সোনি এবং পুষ্টিবিদ পরমিত কৌর জানান, গরমের সময় কোল্ড ড্রিংকের সঙ্গে চিপস, কুরকুরের মতো স্ন্যাকস শরীরের জন্য ঝুঁকিপূর্ণ সংমিশ্রণ তৈরি করে। তাঁদের মতে, এসব পানীয়তে অতিরিক্ত চিনি ও ক্যাফেইন থাকে, যা শরীরের জলশূন্যতা বাড়ায়। অন্যদিকে চিপসে থাকা বেশি নুন শরীর থেকে জল টেনে নেয়। ফলে দ্রুত ডিহাইড্রেশন হতে পারে।

রক্তে শর্করার ওঠানামা কোল্ড ড্রিংক দ্রুত রক্তে শর্করা বাড়িয়ে সাময়িক শক্তি দিলেও পরে হঠাৎ কমে গিয়ে দুর্বলতা, মাথা ঘোরা ও ক্লান্তি সৃষ্টি করতে পারে। গরমের সময়ে এই অবস্থা আরও বিপজ্জনক।

হৃদযন্ত্র ও রক্তচাপে প্রভাব চিপসে থাকা ট্রান্স ফ্যাট ও অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়াতে পারে। এমসের মেডিসিন বিভাগের অধ্যাপক নবল বিক্রম জানান, গরমে ইতিমধ্যেই চাপের মধ্যে থাকা শরীরে কোল্ড ড্রিংক ও স্ন্যাকসের সংমিশ্রণ হৃদযন্ত্রে বাড়তি চাপ সৃষ্টি করে।

হজমের সমস্যা তেলেভাজা খাবার ও মিষ্টি পানীয় গ্যাস, অ্যাসিডিটি ও পেটের অস্বস্তি বাড়াতে পারে, বিশেষ করে গরমে হজম শক্তি দুর্বল থাকলে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, গরমে কোল্ড ড্রিংকের বদলে ওআরএস খাওয়া যেতে পারে। চিপসের পরিবর্তে ফল, শসা, সালাদ বা ভাজা ছোলা ভালো বিকল্প। পাশাপাশি তাঁরা রোদে বের হলে মাথা ঢেকে রাখা, সুতির কাপড় পরা, লেবু জল পান করা এবং পর্যাপ্ত জল খাওয়ার পরামর্শ দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande