
পশ্চিম সিংভূম, ২৯ এপ্রিল (হি.স.): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার কোলহান জঙ্গলে বুধবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলল মাওবাদীদের। পশ্চিম সিংভূম থানার এসপি অমিত রেনু জানান, গোইলকেরা ও টন্টো থানার লাগোয়া জঙ্গলে জেলা পুলিশ ও সিআরপি-র একটি যৌথ বাহিনী মাওবাদীদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালাচ্ছিল। সেই সময়ে হঠাৎই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। পাল্টা হামলা করে যৌথ বাহিনীও। তবে হতাহতের কোনও খবর মেলেনি।
এসপি অমিত রেনু বলেন, নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ কৌশল নিয়ে এগিয়ে চলেছে এবং অভিযানের মূল উদ্দেশ্য হল শীর্ষ মাওবাদী নেতাদের গ্রেফতার করা ও নিষ্ক্রিয় করা। তিনি আরও জানান, যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে, আশেপাশের গ্রামগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে এবং গ্রামবাসীদের জঙ্গলে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই নকশাল প্রভাবিত এলাকায় নিরাপত্তা বাহিনীর এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ