
বেঙ্গালুরু, ২৯ এপ্রিল (হি.স.): কর্ণাটকের শহরে প্রবল বৃষ্টিপাতের জেরে বড় দুর্ঘটনা ঘটেছে। শহরের শিবাজীনগরে অবস্থিত বোরিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের একটি পুরনো দেওয়াল বুধবার ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ।
প্রাথমিক তথ্য অনুযায়ী ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা গেলেও সরকারি ভাবে এখনও তা নিশ্চিত করা হয়নি। ঘটনাস্থলে চলছে উদ্ধার ও ত্রাণকাজ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ভারী বৃষ্টির সময় হঠাৎ করেই হাসপাতাল প্রাঙ্গণের পুরনো দেওয়ালটি ভেঙে পড়ে। প্রায় ১৫ জন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন বলে অনুমান করা হচ্ছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও সাধারণ মানুষ ছিলেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি উদ্ধারকাজ দ্রুত করার নির্দেশ দেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার কথা বলেন।
রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার জানান, তিনি কমিশনারের সঙ্গে কথা বলেছেন এবং মিটিং মাঝপথে বন্ধ রেখে দ্রুত ঘটনাস্থলে রওনা দিচ্ছেন। তদন্ত ও উদ্ধারকাজ চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য