
বহরমপুর, ৩০ এপ্রিল (হি. স.) : মুর্শিদাবাদের দৌলতাবাদের গুরুদাসপুরের বেউচীতলা গ্রামে ভোট-পরবর্তী হিংসার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। কংগ্রেসে ভোট দেওয়ার “অপরাধে” তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় একটি পরিবার আক্রান্ত হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধির রঞ্জন চৌধুরী।তিনি আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত খোঁজ নেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি জেলা পুলিশ সুপারকে ফোন করে বিষয়টি অবগত করেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। অধীরবাবু জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি পুনর্গঠনে দলীয়ভাবে সহায়তা করা হবে।এদিন তিনি আরও ঘোষণা করেন, আগামী ৪ মে-র পর দৌলতাবাদ থানার সামনে বিক্ষোভ কর্মসূচি, থানাঘেরাও ও ডেপুটেশন দেওয়া হবে। তাঁর অভিযোগ, এলাকায় বিরোধী সমর্থকদের উপর লাগাতার চাপ সৃষ্টি করা হচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী।যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়