
কলকাতা, ৩০ এপ্রিল (হি. স.) : সপ্তদশ পশ্চিমবঙ্গ বিধানসভার শেষ বৈঠকটি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিনের বৈঠকে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির বর্তমান অবস্থা এবং কমিটির বিগত দিনের কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যদিও এদিনের বৈঠকে অধ্যক্ষ (স্পিকার) অনুপস্থিত ছিলেন, তবে বিভিন্ন দপ্তরের চেয়ারম্যান থেকে শুরু করে সংশ্লিষ্ট পদাধিকারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে। তার আগে এদিন অনেক বিদায়ী বিধায়ককেই বিধানসভায় আসতে দেখা যায়। নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি থাকার পর জামিনে মুক্ত বিধায়ক মানিক ভট্টাচার্যও এদিন বিধানসভায় উপস্থিত ছিলেন। মূলত নিজেদের বকেয়া ভাতা ও অন্যান্য পাওনা-গণ্ডার হিসেব বুঝে নিতেই বিধায়কদের এই উপস্থিতি বলে জানা গেছে।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন করে গেজেট নোটিফিকেশন জারি করা হবে। এরপরই শুরু হবে অষ্টাদশ বিধানসভার গঠন প্রক্রিয়া। নতুন বিধায়কদের শপথ গ্রহণ করানোর জন্য প্রথমে একজন 'প্রোটেম স্পিকার' নিয়োগ করা হবে। তাঁর উপস্থিতিতেই নবনির্বাচিত সদস্যরা শপথ নেবেন এবং পরবর্তীতে স্থায়ী অধ্যক্ষ নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে। আজকের এই বৈঠকের মাধ্যমেই কার্যত সপ্তদশ বিধানসভার বিদায়লগ্নের কাজ শুরু হয়ে গেল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত