(আপডেট) ডোমজুড়ে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মী, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বাহিনীর রুট মার্চ
ডোমজুড়, ৩০ এপ্রিল ( হি. স.) : নির্বাচন মিটতেই উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্র। বৃহস্পতিবার দুপুরে ডোমজুড়ের রাজীব কলোনি এলাকায় শেখ নাজিমুদ্দিন নামে এক বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটন
(আপডেট) ডোমজুড়ে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মী, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বাহিনীর রুট মার্চ


ডোমজুড়, ৩০ এপ্রিল ( হি. স.) : নির্বাচন মিটতেই উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্র। বৃহস্পতিবার দুপুরে ডোমজুড়ের রাজীব কলোনি এলাকায় শেখ নাজিমুদ্দিন নামে এক বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহল দিতে দেখা যায়।

আহত বিজেপি কর্মী শেখ নাজিমুদ্দিনের অভিযোগ, এদিন তিনি রাজীব কলোনি এলাকায় থাকাকালীন একদল দুষ্কৃতী বাইকে করে এসে তাঁর ওপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে। লোহার রড ও অন্যান্য অস্ত্র দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই পুলিশ দুজনকে আটক করেছে। হামলার ঘটনায় ডোমজুড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকায় যাতে নতুন করে অশান্তি না ছড়ায়, সে জন্য সেনার জওয়ানরা ওই এলাকায় রুট মার্চ করেন।

এই প্রসঙ্গে হাওড়া সদর তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় বলেন, “কোনো ধরনের প্ররোচনা থেকে এমন ঘটনা ঘটতে পারে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া একদমই উচিত নয়। সামনেই ভোটের গণনা, তাই আমি দলীয় কর্মীদের সংযত থাকার নির্দেশ দিচ্ছি।”

পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে বর্তমানে ওই এলাকার পরিস্থিতি থমথমে থাকলেও নিয়ন্ত্রণে রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande