
কলকাতা, ৩০ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার কেন্দ্র পরিবর্তন নিয়ে দায়ের করা তৃণমূল প্রার্থী জাভেদ আহমেদ খানের আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের এই রায়ের ফলে কমিশনের সিদ্ধান্তই বহাল থাকল।
কসবা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাভেদ আহমেদ খান আদালতে অভিযোগ করেছিলেন যে, দীর্ঘ কয়েক বছর ধরে কসবা এলাকার ভোট গণনা গীতঞ্জলি স্টেডিয়ামে হয়ে আসলেও এবার হঠাৎ করে তা পরিবর্তন করে আলিপুরের বিহারীলাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর আইনজীবীর দাবি ছিল, নির্বাচনের অন্তত এক সপ্তাহ আগে প্রার্থীকে এই ধরনের পরিবর্তনের কথা জানানো উচিত ছিল, যা এক্ষেত্রে করা হয়নি। এই পদক্ষেপকে 'নিয়মবিরুদ্ধ' বলে দাবি করেছিলেন তিনি।
পাল্টা যুক্তিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় যে, এই সিদ্ধান্ত সম্পূর্ণ নিয়ম মেনেই নেওয়া হয়েছে। পাঁচটি পৃথক গণনা কেন্দ্রকে একত্রিত করে একটি বড় কেন্দ্র করা হয়েছে, যেখানে ১০টি বিধানসভা আসনের ভোট গণনা হবে। এছাড়া পুরো এলাকা সিসিটিভি-র কড়া নজরদারিতে থাকবে। কমিশন আরও স্পষ্ট করে যে, গত ২৭ এপ্রিল একটি জরুরি বৈঠক ডেকে সমস্ত প্রার্থীদের বিষয়টি জানানো হয়েছিল এবং জাভেদ আহমেদ খান স্বয়ং সেই বৈঠকে উপস্থিত ছিলেন।
উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর কলকাতা হাইকোর্ট জাভেদ খানের আবেদনটি গ্রহণ করেনি। আদালতের পক্ষ থেকে আবেদনটি খারিজ করে দেওয়া হয়। এর ফলে আলিপুরের বিহারীলাল কলেজেই কসবা বিধানসভার ভোট গণনা সম্পন্ন হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি