
বসিরহাট, ৩০ এপ্রিল (হি. স.):- বসিরহাট মহকুমার আটটি বিধানসভা কেন্দ্রের ১৪০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আগামী ৪ মে। মোট ১৭ লক্ষ ৬ হাজার ৯০৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যার ফল প্রকাশিত হবে ওইদিন গণনার মাধ্যমে। প্রশাসন সূত্রে জানা গেছে, এই আটটি বিধানসভার ভোটগণনা অনুষ্ঠিত হবে বসিরহাট হাই স্কুল ও ভ্যাবলা পলিটেকনিক কলেজে।গণনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে অত্যন্ত কড়া। তিনস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় আধাসেনা বাহিনী। গণনাকেন্দ্রের ভেতর ও বাইরে সর্বক্ষণ নজরদারি চালানো হবে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। প্রতিটি প্রবেশপথে থাকছে কঠোর তল্লাশি ব্যবস্থা এবং শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদেরই প্রবেশের অনুমতি দেওয়া হবে।নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে গণনার প্রতিটি ধাপ স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কাউন্টিং এজেন্টদের জন্য নির্দিষ্ট নিয়মাবলী জারি করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।প্রশাসন আশাবাদী, শান্তিপূর্ণ পরিবেশে গণনা সম্পন্ন হবে এবং দ্রুত ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়