
শিলিগুড়ি, ৩০ এপ্রিল (হি. স.):- ভোটের ফলাফল ঘোষণার আগেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে শিলিগুড়িতে আগাম উল্লাসে মেতে উঠলেন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। বৃহস্পতিবার ফুলবাড়ীর ব্যাটেলিয়ান মোড় এলাকায় গেরুয়া আবির খেলায় মেতে উঠতে দেখা যায় তাঁদের। একে অপরকে আবির মেখে আনন্দ উদযাপন করেন উপস্থিত কর্মী-সমর্থকরা।বিজেপি কর্মীদের দাবি, এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে রেকর্ড সংখ্যক ভোটগ্রহণ হয়েছে এবং সেই প্রবণতা থেকেই তাঁদের জয়ের সম্ভাবনা স্পষ্ট। তাঁদের মতে, এই ফলাফলের ভিত্তিতেই রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি।তবে ফলাফল ঘোষণার আগেই এই ধরনের উদযাপন ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের একাংশের মতে, চূড়ান্ত ফল প্রকাশের আগে এ ধরনের উল্লাস কিছুটা অপ্রত্যাশিত হলেও রাজনৈতিক কর্মীদের আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ হিসেবেই দেখা হচ্ছে।প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং কোথাও যাতে অশান্তির সৃষ্টি না হয়, তার জন্য প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই আগাম উদযাপন আসন্ন ফলাফল নিয়ে উত্তেজনারই প্রতিফলন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়