
আরারিয়া, ৩০ এপ্রিল (হি.স.) : বিহারের আরারিয়া জেলায় ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। বুধবার গভীর রাতে ফোরবেসগঞ্জের ১৮ নং ওয়ার্ডের ডাল্লু টোলায় ঘটনাটি ঘটেছে। এই অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার সম্পত্তি ধ্বংস হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভুগীর নাম সুরেশ কামাত। তার তিন মেয়ে ও এক ছেলে। তাঁর বড় মেয়ের বিয়ের প্রস্তুতি চলছিল এবং বিয়ের জন্য জিনিসপত্রও কেনা হয়ে গিয়েছিল। পরিবারের এক সদস্য জানিয়েছে। গভীর রাতে একটি বৈদ্যুতিক তার থেকে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে হঠাৎ ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। প্রতিবেশীরা শব্দ শুনে সাহায্যের জন্য ছুটে আসার আগেই আগুন পুরো বাড়িটিকে গ্রাস করে ফেলে। স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও, ততক্ষণে বাড়ির সমস্ত জিনিসপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে ছিল ১ লক্ষ ৬০ হাজার টাকা নগদ, সোনার গয়না, পোশাক, এলআইসি বন্ডের কাগজপত্র এবং মেয়ের বিয়ের জন্য কিস্তিতে নেওয়া অন্যান্য জিনিসপত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।
গ্রামবাসীরা দাবি করেছেন, প্রশাসন যেন অবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও সহায়তা প্রদান করে, যাতে তারা তাদের জীবনকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন