
বহরমপুর, ৩০ এপ্রিল (হি. স.):- বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগেই নওদা ও রেজিনগর—এই দুই আসনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ূন কবির। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, “নওদা ও রেজিনগর—দুটি আসনেই আমি জিতব বলে নিশ্চিত।”তবে একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, বিধায়ক হিসেবে শপথ গ্রহণের আগে তাঁকে একটি আসন ছাড়তে হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, নওদা ও রেজিনগর—দুই এলাকার মানুষই তাঁকে চাইছেন, তবুও তিনি রেজিনগর আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, আসন ছাড়ার ছয় মাসের মধ্যেই সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই উপনির্বাচনেও তাঁর দল জয়ী হবে বলে তিনি আশাবাদী।হুমায়ুন কবির আরও বলেন, আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত তিনি নওদা আসনের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনার কথাও জানান তিনি। সাংসদ নির্বাচিত হলে নওদা আসনটিও ছেড়ে দিতে হবে বলে উল্লেখ করেন তিনি।তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে চর্চার জন্ম দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়