
মান্ডলা, ৩০ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের কানহা জাতীয় উদ্যান-এ গত নয় দিনে এক বাঘিনী ও তার চার শাবকের মৃত্যুর ঘটনায় নতুন মোড়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই মৃত্যুর পিছনে মারাত্মক ‘কেনাইন ডিস্টেম্পার ভাইরাস’ (সিডিভি) সংক্রমণের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার কানহা জাতীয় উদ্যানের উপ-পরিচালক প্রকাশ কুমার বর্মা জানান, জব্বলপুরের ওয়াইল্ডলাইফ ফরেনসিক ও হেলথ ল্যাবে পরীক্ষায় এই ভাইরাসের উপস্থিতির ইঙ্গিত মিলেছে। যদিও চূড়ান্ত রিপোর্ট এখনও আসেনি।
উল্লেখ্য, বিখ্যাত বাঘিনী টি-১৪১-এর তিন শাবকের মৃত্যু হয় ২১ থেকে ২৫ এপ্রিলের মধ্যে। পরে অসুস্থ অবস্থায় বাঘিনী ও বাকি শাবকটিকে উদ্ধার করে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হলেও বুধবার তাদেরও মৃত্যু হয়। এরপর পাঁচটি বাঘের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সিডিভি একটি সংক্রামক ভাইরাস, যা মূলত বন্য মাংসাশী প্রাণীর শ্বাসতন্ত্র, পাচনতন্ত্র ও স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে। বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাস সাধারণত কুকুরের মাধ্যমে বন্যপ্রাণীদের মধ্যে ছড়ায় এবং অত্যন্ত দ্রুত সংক্রমণ ঘটায়।
চূড়ান্ত নিশ্চিতকরণের জন্য আরও পরীক্ষা চলছে। বন দফতর সূত্রে জানা গেছে, সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, মধ্যপ্রদেশের সবচেয়ে বড় অভয়ারণ্য হল কানহা জাতীয় উদ্যান।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য