
কলকাতা, ৩০ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক চার দিন আগে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। রাজ্যে গণনা কেন্দ্রের সংখ্যা আরও কমিয়ে ৭৭টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর থেকে জেলাভিত্তিক পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে এই তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য যে, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে গণনা কেন্দ্রের সংখ্যা ছিল ৯০টি। ২০২১ সালে তা বাড়িয়ে করা হয়েছিল ১০৮টি। তবে চলতি নির্বাচনে গত ১৭ এপ্রিল কমিশন কেন্দ্র কমিয়ে ৮৭ করার কথা জানিয়েছিল। বৃহস্পতিবার তা আরও কমিয়ে ৭৭-এ নামিয়ে আনা হলো। গণনার ঠিক আগে কেন্দ্রের এই পুনর্গঠন নিয়ে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে।
রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল এদিন বলেন, “প্রয়োজন পড়লে এই সংখ্যা ৭৭-এর চেয়েও কমানো হতে পারে। আমরা পরিস্থিতির পর্যালোচনা করছি।” স্ট্রং রুম নিয়ে বিরোধীদের আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, “স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ নিশ্ছিদ্র। সেখানে কোনো প্রকার কারচুপি করা অসম্ভব। এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”
কমিশনের তালিকা অনুযায়ী, উত্তর ২৪ পরগনায় সর্বাধিক ৮টি কেন্দ্রে ভোট গণনা হবে। দক্ষিণ ২৪ পরগনায় ৬টি এবং কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ ও কোচবিহারে ৫টি করে কেন্দ্র নির্ধারিত হয়েছে। এ ছাড়া হাওড়া, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে ৪টি করে কেন্দ্র থাকবে। বাঁকুড়া, বীরভূম, দার্জিলিং, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে ৩টি; উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও মালদাতে ২টি করে এবং আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম ও কালিম্পং জেলায় ১টি করে কেন্দ্রে ভোট গণনা হবে।
কলকাতার ১১টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে ৫টি জায়গায়। যার মধ্যে রয়েছে— নেতাজি ইনডোর স্টেডিয়াম, সেন্ট থমাস বয়েজ স্কুল, বালিগঞ্জ গভর্মেন্ট হাইস্কুল, সাখাওয়াত মেমোরিয়াল স্কুল এবং বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি।
হিন্দুস্থান সমাচার / সোনালি