
কলকাতা, ৩০ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট মিটতেই আগামী ৪ মে-র ভোট গণনার প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে এবং অননুমোদিত প্রবেশ রুখতে এবার কিউআর কোড ভিত্তিক ফটো পরিচয়পত্র চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই এই আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এই নতুন ব্যবস্থাটি 'ইসিআইনেট' সিস্টেমের মাধ্যমে কার্যকর করা হবে। ৪ মে পশ্চিমবঙ্গ-সহ অসম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরির বিধানসভা নির্বাচনের গণনার দিন থেকেই এই ব্যবস্থা চালু হচ্ছে। এছাড়া বিভিন্ন রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও এই একই নিয়ম প্রযোজ্য হবে। ভবিষ্যতে লোকসভা এবং সমস্ত বিধানসভা নির্বাচনেও এই কিউআর কোড পদ্ধতি স্থায়ীভাবে কার্যকর করার পরিকল্পনা রয়েছে কমিশনের।
কমিশন সূত্রে জানা গেছে, গণনা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে তিন স্তরের কড়া তল্লাশি চালানো হবে।
১. প্রথম ও দ্বিতীয় স্তর: এখানে রিটার্নিং অফিসারের দেওয়া ফটো পরিচয়পত্রের ম্যানুয়াল যাচাই করা হবে।
২. তৃতীয় ও অন্তিম স্তর: গণনা কেন্দ্রের একেবারে ভেতরের সুরক্ষা বলয়ে প্রবেশের আগে কিউআর কোড স্ক্যান করা বাধ্যতামূলক। কিউআর কোড স্ক্যানিং সফল হলেই প্রবেশের অনুমতি মিলবে।
রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, গণনা কর্মী, কারিগরি কর্মী ছাড়াও প্রার্থী, নির্বাচনী এজেন্ট এবং কাউন্টিং এজেন্ট—যাঁদের গণনা কেন্দ্রে প্রবেশের অনুমতি রয়েছে, তাঁদের প্রত্যেকের জন্যই এই কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্র বাধ্যতামূলক।
গণনা কেন্দ্রের কাছেই সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য বিশেষ 'মিডিয়া সেন্টার' তৈরি করা হবে। মিডিয়া প্রতিনিধিরা আগের মতোই কমিশনের দেওয়া অনুমোদিত পত্রের ভিত্তিতে প্রবেশের সুযোগ পাবেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক ও রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই নতুন ব্যবস্থা কার্যকর করতে প্রয়োজনীয় পরিকাঠামো দ্রুত প্রস্তুত করা হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত