
গাজল, ৩০ এপ্রিল (হি. স.) : বৃহস্পতিবার জ্বালানির সীমিত সরবরাহকে কেন্দ্র করে মালদার গাজল এলাকায় একাধিক পেট্রোল পাম্পে তেল নিতে ভিড় বেড়েছে। সকাল থেকেই বিভিন্ন পাম্পে মোটরবাইক ও চারচাকা গাড়ির দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। পরিস্থিতি সামাল দিতে পাম্প কর্তৃপক্ষ জ্বালানি বিক্রিতে নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে।পাম্প সূত্রে জানা গেছে, মোটরবাইকের জন্য সর্বোচ্চ ২৫০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে। চারচাকা গাড়ির ক্ষেত্রে সেই সীমা নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা পর্যন্ত। অন্যদিকে ডিজেলের ক্ষেত্রেও একইভাবে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। ছোট যানবাহনের জন্য সর্বোচ্চ ২০০০ টাকার ডিজেল এবং ভারী যানবাহনের জন্য সর্বোচ্চ ১০,০০০ টাকার ডিজেল দেওয়া হচ্ছে।পেট্রোল পাম্পের ম্যানেজারদের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে যত বেশি সংখ্যক গ্রাহককে সীমিত পরিমাণ জ্বালানি সরবরাহ করা যায়। হঠাৎ চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছেন তারা।অন্যদিকে, তেল নিতে আসা বাইক আরোহী ও সাধারণ মানুষ এই সীমাবদ্ধতায় কিছুটা সমস্যায় পড়লেও পরিস্থিতি বুঝে সহযোগিতা করছেন। তবে কবে স্বাভাবিক সরবরাহ ফিরবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়