
কলকাতা, ৩০ এপ্রিল (হি. স.):- ভোটগ্রহণ পর্ব শেষ হতেই এখন নজর স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থার দিকে। উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ ডিসিআরসি কেন্দ্র তথা স্ট্রং রুম হিসেবে ব্যবহৃত হচ্ছে নেতাজি ইনডোর স্টেডিয়াম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি গুজব ছড়ায় যে, বৃষ্টির জেরে স্ট্রং রুমে জল ঢুকে পড়েছে। তবে প্রশাসন ও নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এই খবর সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন।ভোট শেষ হওয়ার পর থেকেই স্ট্রং রুমের নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে। প্রথম স্তরে মোতায়েন রয়েছে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী, যারা ২৪ ঘণ্টা শিফটিং ডিউটিতে পাহারা দিচ্ছেন। গোটা স্টেডিয়াম চত্বর এবং স্ট্রং রুমের প্রতিটি অংশ এখন সিসিটিভি ক্যামেরার আওতায়, যাতে কোনো নড়াচড়া নজর এড়াতে না পারে।রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে গড়ে তোলা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। অনুমতি ছাড়া কাউকেই স্ট্রং রুমের আশপাশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের জন্য বড় মনিটরের ব্যবস্থা করা হয়েছে, যেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিরাও নজর রাখতে পারছেন।নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, গণনার দিন পর্যন্ত ইভিএম ও ব্যালট বক্স সম্পূর্ণ সুরক্ষিত রাখতে কোনো রকম আপস করা হবে না। ভুয়ো খবর ছড়ালে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়