
জলপাইগুড়ি, ৩০ এপ্রিল (হি.স.) : জঙ্গল ছেড়ে খাবারের সন্ধানে হাতির একটি পাল লোকালয়ে ঢুকে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৈকুণ্ঠপুর জঙ্গলের বেলাকোবা রেঞ্জের অন্তর্গত গজলডোবা তিস্তা চর এলাকার ১৮ নম্বর মিলনপল্লীতে বৃহস্পতিবার ভোরে শাবক-সহ প্রায় ৪০টি হাতির একটি দল ভুট্টা খেতে ঢুকে পড়ে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক দেখা দেয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাতির দলটি বড় আকারের ফসলের ক্ষয়ক্ষতি করেছে। কৃষকদের দাবি, প্রতি বছরই জঙ্গল থেকে হাতি বেরিয়ে এসে তাঁদের ফসল নষ্ট করে দেয়, যার ফলে তাঁদের বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।
ঘটনার খবর পেয়েই বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা দ্রুত এলাকায় পৌঁছান। জনবসতি থেকে হাতিগুলোকে দূরে সরিয়ে নিরাপদে জঙ্গলে ফেরত পাঠানোর জন্য বন দফতরের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। অন্যদিকে, বারবার এই ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকার দিশেহারা কৃষকরা।
হিন্দুস্থান সমাচার / সোনালি