
দেহরাদূন, ৩০ এপ্রিল (হি.স.): টানা বৃষ্টির মাঝেও কেদারনাথ ধামগামী তীর্থযাত্রা অব্যাহত রয়েছে। বুধবার থেকে কেদারনাথ ও তার যাত্রাপথে দফায় দফায় বৃষ্টি হওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বাড়তি সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। তবে খারাপ আবহাওয়া সত্ত্বেও ভক্তদের উৎসাহে কোনও ভাটা পড়েনি।
বৃহস্পতিবার জানা গেছে, জেলা প্রশাসনের তরফে সমস্ত সংশ্লিষ্ট আধিকারিকদের নিজ নিজ এলাকায় উপস্থিত থেকে সর্বক্ষণ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃষ্টি, সম্ভাব্য তুষারপাত, সড়ক ও পায়ে চলার পথের অবস্থা, তীর্থযাত্রীদের যাতায়াত এবং যে কোনও জরুরি পরিস্থিতি সম্পর্কে নিয়মিত আপডেট কন্ট্রোল রুমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রাপথের বিভিন্ন পয়েন্টে থাকা সেক্টর অফিসারদের রিপোর্টের ভিত্তিতে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে হেলিকপ্টার পরিষেবার উপরও বিশেষ নজরদারি চলছে। যাত্রাপথের কিছু অংশে ঘন কুয়াশা থাকলেও নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ সতর্কতার সঙ্গে মোতায়েন রয়েছে।
তীর্থযাত্রীদের সুবিধার্থে রেন শেল্টার, গরম জল, স্বাস্থ্য পরিষেবা-সহ প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা সচল রাখা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। পাশাপাশি, নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের নির্দেশিকা মেনে চলার জন্য ভক্তদের আবেদন জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য