
শিলিগুড়ি, ৫ এপ্রিল (হি.স.): জাল নথি তৈরি করে ভারতে অবৈধভাবে বসবাস করার অভিযোগে এক বাংলাদেশি পরিবারকে গ্রেফতার করেছে পুলিশ। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ফুলবাড়ি সীমান্তের কাছে অভিযান চালিয়ে এক দম্পতি এবং তাঁদের নাবালিকা মেয়েকে আটক করে। ধৃত দম্পতির নাম আজম আলি এবং রিমা আক্তার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই পরিবারটি ২০১৬ সালে চিকিৎসার জন্য বৈধ নথিপত্র নিয়ে ভারতে এসেছিল, কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও তারা দেশে ফিরে যায়নি। পরবর্তীকালে তারা নিজেদের আসল পরিচয় গোপন করে জাল আধার কার্ড এবং ভারতীয় পাসপোর্ট তৈরি করে নেয়। তদন্তে আরও জানা গিয়েছে যে, অভিযুক্তরা বেঙ্গালুরুতে বসবাস করছিল এবং জাল নথির সাহায্যে একটি বেসরকারি হাসপাতালে কাজও করেছিল। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এই পরিবারটিকে পাকড়াও করে। জিজ্ঞাসাবাদের সময় তাঁদের বয়ানে অসঙ্গতি ধরা পড়লে পুরো বিষয়টি প্রকাশ্যে আসে।
অবৈধভাবে ভারতে বসবাস, সীমান্ত পার করা এবং সরকারি নথিপত্র জালিয়াতির অভিযোগে পুলিশ মামলা দায়ের করেছে। এই জালিয়াতির চক্রে আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি