
দুর্গাপুর, ৫ এপ্রিল (হি.স.): রবিবার সকালে দুর্গাপুরে সিটি সেন্টার এলাকায় পিএনজি-র লাইনে বিপত্তি। এ দিন পণ্ডিত রঘুনাথ মুর্মু সরণিতে পাইপ ফেটে গ্যাস বেরোতে শুরু করে। ওই এলাকায় বাড়িগুলিতে গ্যাস জ্বলছে না এদিন সকাল থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ও দমকল কর্মীরা। আসেন গ্যাস সংস্থার আধিকারিকরাও। ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়। এ দিকে লাইন বন্ধ রেখে কাজ করা শুরু হয়।
উল্লেখ্য, দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় রাস্তা থেকে কিছুটা দূরে মাটি খুঁড়ে পাইপ বসানো হয়েছে। সেই পাইপের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করা হয় সিটি সেন্টার-সহ সংলগ্ন এলাকায়। এ দিন সেই লাইনেই ঘটে বিপত্তি। যদিও গ্যাস সংস্থার কর্মীরা তড়িঘড়ি সেখানে পৌঁছে কাজ শুরু করেন। তাঁরা জানিয়েছেন, এতে আতঙ্কের কোনও কারণ নেই।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ