
আসানসোল, ৭ এপ্রিল (হি. স.):- পূর্ব রেলের আসানসোল ডিভিশনের বরাচক স্টেশনে মঙ্গলবার অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি রুপোর গয়না সহ এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করল আরপিএফ। রেল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি একটি ব্যাগ নিয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় টহলরত আরপিএফ এর সন্দেহ হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়।তল্লাশির সময় ব্যাগ থেকে বিপুল পরিমাণ রুপোর গয়না উদ্ধার হয়। আরপিএফের তরফে ওই গয়নাগুলির বৈধ কাগজপত্র চাওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তি কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি। জিজ্ঞাসাবাদেও তিনি বিভ্রান্তিকর তথ্য দেওয়ার চেষ্টা করেন বলে জানা গিয়েছে।এরপর তাকে আসানসোলের কুমারপুর এলাকায় অবস্থিত আরপিএফ পোস্টে নিয়ে গিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শুরু হয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে আরপিএফ কর্তৃপক্ষ আয়কর দফতরকে বিষয়টি জানায়। খবর পেয়ে আয়কর দফতরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।বর্তমানে আরপিএফ ও আয়কর দফতর যৌথভাবে তদন্ত চালাচ্ছে। এত বিপুল পরিমাণ গয়নার উৎস ও গন্তব্য খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়