
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৭ এপ্রিল (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমায় মুখ্যমন্ত্রীর নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। জানা গেছে, মুখ্যমন্ত্রীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে সমর্থকদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাটি ঘটে মেরেং বাজার সংলগ্ন এলাকায়, যার জেরে মুহূর্তের মধ্যে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত তিন রাউন্ড গুলি চালানো হয়। হঠাৎ এই হামলায় পথচলতি মানুষ ও সমর্থকদের মধ্যে চরম ভীতি সৃষ্টি হয় এবং অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মুখ্যমন্ত্রীর জনসভা ব্যাহত করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়ে থাকতে পারে।
অভিযোগ উঠেছে, হামলাকারীরা বিজেপি সমর্থকদের লক্ষ্য করেই এই আক্রমণ চালায়। এমনকি ঘটনাস্থলে উপস্থিত এক সমর্থকের কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাও সামনে এসেছে।
উল্লেখ্য, ওইদিন মুখ্যমন্ত্রীর জনসভা দুস্কির পরাকালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। জনসমাগম ঠেকাতে বা ভয় সৃষ্টির উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, তিপ্রা মথা সমর্থিত সমাজবিরোধীরাই এই ঘটনার সঙ্গে জড়িত।
এদিকে, পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারের জন্য জোরদার তল্লাশি অভিযান শুরু হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ