ঝাড়গ্রামে ভোটার তালিকা যাচাইয়ে বাদ ১,২৪০ নাম, প্রভাব নিয়ে জল্পনা
ঝাড়্গ্রাম, ৭ এপ্রিল (হি.স.) : ভোটার তালিকা সংশোধনের যাচাই প্রক্রিয়া শেষে ঝাড়্গ্রাম জেলায় ১ হাজার ২৪০ জনের নাম বাদ পড়েছে। অন্য জেলার তুলনায় এই সংখ্যা কম বলেই জানা গিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, বাদ যাওয়ার হার কম হওয়ায় নির্বাচনের ফলাফলে বড় প্রভা
ঝাড়গ্রামে ভোটার তালিকা যাচাইয়ে বাদ ১,২৪০ নাম, প্রভাব নিয়ে জল্পনা


ঝাড়্গ্রাম, ৭ এপ্রিল (হি.স.) : ভোটার তালিকা সংশোধনের যাচাই প্রক্রিয়া শেষে ঝাড়্গ্রাম জেলায় ১ হাজার ২৪০ জনের নাম বাদ পড়েছে। অন্য জেলার তুলনায় এই সংখ্যা কম বলেই জানা গিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, বাদ যাওয়ার হার কম হওয়ায় নির্বাচনের ফলাফলে বড় প্রভাব পড়ার সম্ভাবনা কম, তবে শাসক শিবির কিছুটা সুবিধা পেতে পারে।

সরকারি রিপোর্ট অনুযায়ী, জেলায় মোট ৬ হাজার ৬৮২ জনের নাম বিচারাধীন তালিকায় ছিল। তার মধ্যে ৫ হাজার ৪৪২ জনকে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং ১ হাজার ২৪০ জনকে অযোগ্য ঘোষণা করা হয়েছে, যা মোটের প্রায় ১৮.৬ শতাংশ।

প্রশাসনের দাবি, নির্ভুল ভোটার তালিকা তৈরির লক্ষ্যে এই যাচাই প্রক্রিয়া জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে, যেখানে নাম বাদ পড়া ভোটাররা আবেদন করতে পারবেন।

জানা গিয়েছে, জেলায় এখনও পর্যন্ত ৪০ জন অফলাইনে আবেদন জমা দিয়েছেন। জেলা নির্বাচনী আধিকারিক আকাঙ্ক্ষা ভাস্কর জানান, প্রাপ্ত আবেদনগুলির তথ্য যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনলাইনে কতজন আবেদন করেছেন, সেই তথ্য এখনও হাতে আসেনি।

তালিকা প্রকাশের পর অনেক ক্ষেত্রেই একই পরিবারের একজনের নাম থাকলেও অন্যজনের নাম বাদ পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে। ফলে, বিবেচনাধীন তালিকায় থাকা ভোটারদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠছে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande