দুদিন আগে দুৰ্গম গন্তব্যস্থলের উদ্দেশে যাত্রা হাফলং আসনের ভোটকর্মীদের
হাফলং (অসম), ৭ এপ্রিল (হি.স.) : বৃহস্পতিবার (৯ এপ্রিল) অসম বিধানসভার ভোট। এর দুদিন আগে আজ মঙ্গলবার ডিমা হাসাও জেলাধীন ১১৩ নম্বর জনজাতি সংরক্ষিত হাফলং আসনের অন্তর্গত দুর্গম এলাকায় ২৩টি ভোটকেন্দ্রের উদ্দেশে রওয়ানা হয়েছেন পোলিং স্টাফরা। আজ মঙ্গলবার ব
সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করছেন জেলা নির্বাচনী আধিকারিক


দুদিন আগে যাত্রা হাফলং আসনের ভোটকর্মীদের


হাফলং (অসম), ৭ এপ্রিল (হি.স.) : বৃহস্পতিবার (৯ এপ্রিল) অসম বিধানসভার ভোট। এর দুদিন আগে আজ মঙ্গলবার ডিমা হাসাও জেলাধীন ১১৩ নম্বর জনজাতি সংরক্ষিত হাফলং আসনের অন্তর্গত দুর্গম এলাকায় ২৩টি ভোটকেন্দ্রের উদ্দেশে রওয়ানা হয়েছেন পোলিং স্টাফরা।

আজ মঙ্গলবার বিকালে ডিমা হাসাওয়ের ডিস্ট্রিক্ট কমিশনার তথা জেলা নির্বাচনী আধিকারিক গায়ত্রী দেবীদাস হাইলিঙে এক সাংবাদিক সম্মেলন করে এ খবর দিয়ে জানান, হাফলং আসনের প্রত্যন্ত অঞ্চলের ২৩টি ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ভোটকর্মীরা আজ সকালে জেলা নির্বাচনী কার্যালয় থেকে ভোটকেন্দ্রের উদ্দেশে রওয়ানা হয়েছেন। আজ রাতের মধ্যেই তাঁরা তাঁদের ভোটকেন্দ্রে গিয়ে পৌঁছবেন। তিনি জানান, বাকি ২৩৮টি ভোটকেন্দ্রের ভোটকর্মীরা আগামীকাল বুধবার সকালে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশে ভোট সরঞ্জাম নিয়ে রওয়ানা হবেন।

জেলা নির্বাচনী আধিকারিক গায়ত্রী দেবীদাস হাইলিঙে জানান, ডিমা হাসাও জেলার ২৬১টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তাছাড়া স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলিতে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে যাতে ভোটগ্রহণে কোনও ধরনের বাধার সৃষ্টি না হয় এবং ভোটগ্রহণ যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

ডিসট্ৰিক্ট কমিশনার বলেন, যে সব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই, সেই সব ভোটকেন্দ্রে ব্যাটারির মাধ্যমে সমগ্র ভোটগ্রহণ প্রক্রিয়া রেকর্ডিং করা হবে। তবে ভোটাররা যে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন তা সম্পূর্ণ গোপনীয় থাকবে বলে জানিয়ে তিনি বলেন, ডিমা হাসাও জেলায় ২৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৭টি কেন্দ্র অতি-স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, ভোটার পরিচয়পত্র ছাড়া নির্বাচন কমিশনের দ্বারা অন্য আরও ১২টি পরিচয়পত্র যেমন আধার কার্ড, প্যানকার্ড, ড্রাইভিং লাইসেন্স, আয়ুষ্মান কার্ড, এমজিএনরেগা কার্ড, ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুকের মতো পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে পারবেন ভোটাররা।

সাংবাদিক সম্মেলনে ডিস্ট্রিক্ট কমিশনার বলেন, ৯ এপ্রিল ভোটগ্রহণের জন্য স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে। তাই এদিন (৯ এপ্রিল) প্রত্যেক ভোটারকে সকাল ৭-টা থেকে বিকাল ৫-টার মধ্যে নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে আহ্বান জানিয়েছেন গায়ত্রী দেবীদাস হাইলিঙে।

ডিস্ট্রিক্ট কমিশনার গায়ত্রী দেবীদাস জানান, হাফলং বিধানসভা আসনকে ১৩টি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে ১৩ জন জোনাল অফিসার, ৬৮ জন সেক্টর অফিসার, এক হাজার ২৫২ জন ভোটকর্মী নিয়োগ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande